২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ৯ ভারতীয় নাগরিককে পুশইন

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী শনিবার মধ্যরাতে দু’জন বাংলাভাষী ও সাতজন হিন্দিভাষী ভারতীয় নাগরিককে চাপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার মুনসুরডাঙ্গা সীমান্ত দিয়ে পুশ ইন করেছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

রাত তিনটায় পুশ ইন করা নাগরিকের মধ্যে দুই শিশু, দুই পুরুষ ও পাঁচ মহিলা রয়েছে।

নন্দীগ্রাম ইউপি চেয়ারম্যান সাজাহান আনসারি ও গ্রামবাসী সূত্রে জানা যায়, খুব সকালে ভারতীয় এসব নাগরিককে কাজিগ্রামের লোকজন কান্নাকাটি করতে দেখে চেয়ারম্যানকে খবর দেয়। চেয়ারম্যান তাদেরকে নিজস্ব হেফাজতে নিয়ে বিডিআরকে অবহিত করে। পুশ ইন হওয়া দুই বাংলাভাষী হচ্ছে, আলিম খান (১৪) কুরবান খান (৮)। এদের বাড়ি আসামের গৌহাটি এলাকায়। দিল্লিতে বেড়াতে গিয়ে তারা পুলিশের হাতে আটক হয়। পরবর্তীতে কোলকাতা পুলিশ হয়ে বিএসএফ-এর কাছে এদের হস্তান্তর করা হয় বলে ইউপি চেয়ারম্যান জানান।

পুশ ইন করা হিন্দিভাষীরা হচ্ছে, জান্নাতুন নেসা (৫০), রওজা (৪৫), সাইদা (১৮), নার্গিস (১৬), বিলকিস (১২) আবু হেনা (৫) এবং অজ্ঞাত পরিচয় আরও একজন। এদের বাড়ি দিল্লির নাহোরিঘাট সদর বাজার এলাকায়। এরা সবাই একই পরিবারের সদস্য।

সূত্র জানায়, দিল্লির হিমলা নামের জনৈক প্রভাবশালী হিন্দু সম্পত্তি দখলের কৌশল হিসেবে দিল্লি পুলিশকে ম্যানেজ করে এদের তুলে দিলে এরাও পুশ ইনের শিকার হয়।

পুশ ইন হওয়া আব্দুল আলিম জানায়, পুরনো দিল্লির থানা হাজতে আরো ৬০ জন মুসলিম নাগরিককে পুশ ইনের জন্য আটক রাখা হয়েছে।

৬ রাইফেল ব্যাটেলিয়নের ক্যাপ্টেন সারোয়ার হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি পুশ ইনের ঘটনার সত্যতা স্বীকার করেন। চেয়ারম্যানের হেফাজতে থাকা পুশইনকৃতদের পুশব্যাকের চেষ্টা চলছে বলে বিডিআর সূত্র জানায়।