২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটকের বিরুদ্ধে হাইকোর্টে রিট

বিটিটিবি মোবাইল ফোনের প্রতি সিমে অতিরিক্ত ১২ শ’ টাকা কর আরোপের বৈধতাকে চ্যালেঞ্জ করে টেলিটক ও সরকারের বিরুদ্ধে হাইকোর্টে রোববার একটি রিট আবেদন দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্ট প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2005, 08:52 PM

Updated : 26 Apr 2022, 05:47 PM

বিচারপতি এমএ মতিন ও বিচারপতি মামুন রাহমানকে নিয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ টেলিটকের ছয় জন গ্রাহকের দায়ের করা এ রিট আবেদন গ্রহণ করেন।

আবেদনকারীরা হলেন অ্যাড. সৈয়দ জিয়াউল হাসান, শাহরিয়ার পারভিন, অ্যাড. সেলিম আহসান খান, মো. আমির হামজা খান, রুবিনা ইয়াসমিন এবং এম সারোয়ার-ই-আলম।

আবেদনকারীদের পক্ষে রিট পরিচালনাকারী অ্যাড. ইদ্রিসুর রহমান বিডিনিউজকে বলেন, সোমবারে এ আবেদনের শুনানি অনুষ্ঠিত হতে পারে।

অর্থ মন্ত্রণালয়ের সচিব, টিঅ্যান্ডটি সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, ভ্যাট বিষয়ক দ্বিতীয় সচিব, শুল্ক ও ভ্যাট কমিশনারেটের (ঢাকা উত্তর) কমিশনার এবং টেলিটকের ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে এ রিট আবেদন করা হয়।

রিট আবেদনে বলা হয়, বিটিটিবি’র মালিকানাধীন টেলিটকের মোবাইল ফোন সংযোগ লাভের জন্য গ্রাহকদের কাছ থেকে ই-মেইলে আবেদনের আহ্বান জানানো হয়। এ ব্যাপারে ৫ মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আবেদনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচিত মোট ৫০ হাজার গ্রাহককে ১৮ শ’ টাকায় একটি করে টেলিটকের সিম প্রদান করা হবে।

গত ২২ মে এ লটারি অনুষ্ঠিত হয় এবং ২৩ মে নির্বাচিত গ্রাহকদের নাম প্রকাশ করা হয়। লটারির মাধ্যমে নির্বাচিত মোট ২০ হাজার গ্রাহককে ১৮ টাকায় সিম প্রদান করা হয়েছে বলে রিট আবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ৯ জুন জাতীয় রাজস্ব বোর্ড টেলিটকের প্রতি সিমের ওপর আরও ১২ শ’ টাকা কর আরোপ করে একটি এসআরও জারি করে। ১৩ জুন গ্রাহকদের প্রতি সিমে আগের ১৮ শ’ টাকার সাথে নতুন করে আরও ১২ শ’ টাকা প্রদান করতে হবে বলে একটি বিজ্ঞাপন প্রকাশ করে।

রিট আবেদনকারীরা লটারিতে নির্বাচিতদের মধ্যে আগের মূল্য ১৮ শ’ টাকায় সিম সরবরাহের আবেদন জানিয়েছেন। তারা রিট আবেদনের নিষ্পত্তির পূর্বপর্যন্ত এসআরও’র কার্যকারিতা স্থগিত রাখার জন্যও হাইকোর্টের কাছে আবেদন জানান।