২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ২ কোটি টাকার সাড়ে ১২ লিটার মরফিন উদ্ধার করেছে

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকার তোপখানা রোডের একটি হোটেল থেকে মঙ্গলবার প্রায় দুই কোটি টাকা মূল্যের সাড়ে ১২ লিটার ভারতের তৈরি মরফিন উদ্ধার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 08:45 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

তবে মাদক ব্যবসায়ী যশোরের বেনাপোল থানার পোইকাতা গ্রামের আব্দুস সালাম পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে অধিদপ্তরের ঢাকা মেট্রো অঞ্চলের একটি টিম তোপখানা রোডের হোটেল বনভোজনে অভিযান চালায়।

এ সময় তারা হোটেলের এ-২ নম্বর কক্ষ থেকে ১৫টি বোতলে ভর্তি সাড়ে ১২ লিটার মরফিন উদ্ধার করে। বোতলগুলোর গায়ে ‘কোর হেলফ কেয়ার লিমিটেড, গুজরাট-৩৮২, ভারত’ লেখা রয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত মরফিন ‘ক’ শ্রেনীর। এ পরিমান মরফিন প্রায় দুই লাখ এ্যাম্পুল মরফিন তৈরি করা সম্ভব। যার বাজার মূল্য দুই কোটি টাকা।

এগুলো ঢাকার মিটফোর্ড অষুধ মার্কেটের অসাধু মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করার কথা ছিল বলে পুলিশ কর্মকর্তারা জানান।

এ ব্যাপারে রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।