বিমানের নতুন দুটি এফ-২৮’র কারণে রাজস্ব আয় হয়েছে ৪৪ কোটি টাকা
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ বহরে কিছুদিন আগে যোগ দেওয়া নতুন দুটি এফ-২৮ উড়োজাহাজের কারণে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় ৪৪ কোটি টাকা।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সূত্র জানায়, বিমান ২০০৪ সালে প্রায় ১৭ কোটি টাকায় দুটি এফ-২৮ উড়োজাহাজ কিনে জুন ২০০৪ থেকে এপ্রিল ২০০৫ সাল পর্যন্ত তিন হাজার ৭৭২ টি ফ্লাইট পরিচালনা করে।
ফ্লাইট দুটি যাত্রী পরিবহন করে ওই ১০ মাসে ৪৩ কোটি ৫৫ লাখ ৮৫ হাজার টাকা রাজস্ব আয় করতে সক্ষম হয়।
বিমানের উড়োজাহাজ বহরে ওই নতুন দুটি এফ-২৮ যোগ দেওয়ায় বিমানের এফ-২৮ উড়োজাহাজের সংখ্যা দাঁড়ায় পাঁচটিতে। কিন্তু গত অক্টোবরেই সিলেটে বিমানের অন্য আরেকটি এফ-২৮ দুর্ঘটনায় বিধ্বস্ত হলে এখন তাদের এফ-২৮ রয়েছে চারটি।
ওই চারটি উড়োজাহাজ ছাড়াও বিমানের বহরে এখন ছয়টি ডিসি-১০ এবং চারটি এয়ারবাস-৩০০ এফ-২৮ রয়েছে।
বিমানের এফ-২৮ উড়োজাহাজগুলোর সবই ২০ বছরের পুরোনো। এ সব উড়োজাহাজ প্রায় ছোট-খাট যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে বলে বিমানের ফ্লাইট শিডিউল বিলম্বিত হচ্ছে। ফলে যাত্রী পোহাতে হচ্ছে নানা দুর্ভোগ।
দেশের একমাত্র জাতীয় পতাকাবাহী বিমান এখন ১৫ টি উড়োজাহাজ দিয়ে ৭টি অভ্যন্তরীন গন্তব্যে ও বিশ্বের তিনটি মহাদেশের ২৪টি দেশে আর্ন্তজাতিক ও আঞ্চলিক যাত্রীবাহি ফ্লাইট পরিচালনা করছে।
