২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সারাদেশে ক্রসফায়ারে নিহত ৩

পুলিশ এবং র‌্যাবের সাথে সন্ত্রাসীদের পৃথক ক্রসফায়ারের ঘটনায় মঙ্গলবার তিন জন নিহত হয়েছে। রাজধানীর খিলগাঁও ও পল্লবীতে এবং অপরটি রাজশাহীতে ক্রসফায়ারের ঘটনাগুলো ঘটে। এর মধ্যে দু’জন র‌্যাবের সাথে এবং অপরজন পুলিশের সাথে ক্রসফায়ারে নিহত হন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

খিলগাঁওয়ের ঘটনাকে আওয়ামী লীগ রাজনৈতিক হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছে। আওয়ামী লীগ খিলগাঁওয়ে ক্রসফায়ারে নিহত সুমন আহমেদকে (৩০) যুবলীগ তাদের কর্মী বলে দাবি করেছে।

র‌্যাব বলছে নিহত সুমন একজন চিহ্নিত সন্ত্রাসী সে হত্যা, ধর্ষণসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত।

র‌্যাব জানায়, সুমন খিলগাঁওয়ের ভূঁইয়া পাড়ার ফজলু, গোরানের বেলায়েতকে খুন করেছে। এছাড়া সে গার্মেন্টস কর্মী হালিমা ধর্ষণের সাথে জড়িত।

র‌্যাব-৪’র এস আই শাহজাহান বিডিনিউজকে বলেন, গোয়াল্যা সুমন রামপুরার এফ ব্লকের ৪ নং রোডে ক্রসফায়ারে পড়ে নিহত হয়।

র‌্যাব দুর্বৃত্তদের উপস্থিতির খবর পেয়ে ওই এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা র‌্যাবের ওপর গুলি ছুড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে এসময় সুমন নিহত হয়।

অন্য সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর র‌্যাব তার লাশ উদ্ধার করে।

অন্যদিকে পরিবারের সদস্য ও এলাকাবাসী জানায়, এর আগের রাতে র‌্যাব সুমনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায় এবং নগরীর আফতাব নগরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে।

এ ঘটনার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগ এলাকায় বিক্ষোভ প্রদর্শণ করে।

এদিকে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা ক্রসফায়ারে নিহত খিলগাঁওয়ের যুবলীগ নেতা সুমন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এক শোক বিবৃতিতে তিনি বলেন, ক্ষমতাসীন জোট সরকার রাজনৈতিক প্রতিহিসা চরিতার্থ করতে র‌্যাবকে দিয়ে সুমনকে হত্যা করিয়েছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল পৃথক শোক বার্তায় সুমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সুমনের নামে থানায় কোন মামলা নেই। সরকারের নির্দেশেই তাকে হত্যা করা হয়েছে।

এদিকে রাজধানীর পল্লবীতে সোমবার শেষ রাতে পুলিশের ক্রসফায়ারে সাইদুর রহমান (২৬) ওরফে ‘কিলার সাইদ’ নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে।

পল্লবী থানা পুলিশ জানায়, নিহত সাইদের বিরুদ্ধে তিনটি হত্যা মামলাসহ মোট ১২টি সন্ত্রাস ও চাঁদাবাজির মামলা রয়েছে। সোমবার সে পুলিশের হাতে ধরা পড়ে। ওই দিনই রাত ৩ টার দিকে পল্লবীর কালাপানি এলাকায় পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এ সময় দু পক্ষের ‘ক্রসফায়ারে’ পড়ে কিলার সাইদের মৃত্যু হয়।

পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় ঘটনাস্থল থেকে একটি শাটার গান, একটি রিভলবার, পাঁচ রাউন্ড এলজি বুলেট, পাঁচটি ককটেল, দুটি ছোরা এবং তিনটি পয়েন্ট থ্রি টু পিস্তলের গুলির খোসা উদ্ধার করে।

পুলিশ জানায়, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। নিহত কিলার সাইদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাজশাহীর বাগমারা থানার খড়াদিপাড়ায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যদের সাথে সোমবার ভোর রাতে ক্রসফায়ারে সিরাজগজ্ঞের কয়েলগাতি গ্রামের বদিউজ্জামান বুদ্দু নিহত হয়েছে ।

রাজশাহী র‌্যাব সূত্র জানায়, তারা রোববার সিরাজগজ্ঞ থেকে তালিকাভুক্ত সন্ত্রাসী বুদ্দুকে আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী অ¯ত্র ও গোলা বারুদসহ অন্য সন্ত্রাসীদের ধরার জন্যে সোমবার গভীর রাতে র‌্যাব সদস্যরা বাগমারার রামরামা গ্রামের খড়াদিপাড়ায় পৌঁছায়। এ সময় ওঁৎ পেতে থাকা বুদ্দুর সহযোগীরা র‌্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ শুরু করে। র‌্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের ওপর পাল্টা গুলি চালায়।

পরিস্থিতির সুযোগ নিয়ে বুদ্দু পালিয়ে যাওয়ার পর র‌্যাবের সাথে সšত্রাসীদের গোলাগুলি বন্ধ হয়ে যায়। কিন্তু ঘটনাস্থল থেকে কিছুটা দূরে বুদ্দুকে তাহেরপুর-ভবানীগজ্ঞ পাকা সড়কের পার্শ্বে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

আহত অবস্থায় বাগমারা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘক্ষণ সন্ত্রাসীদের সাথে গোলাগুলি হলেও র‌্যাবের কোনও সদস্য আহত হয়নি।

র‌্যাব বলেছে, নিহত বুদ্দুর বিরুদ্ধে ধর্ষণ, খুন এবং একাধিক ডাকাতি মামলা রয়েছে।

রাজশাহী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের পর মঙ্গলবার বুদ্দুর লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।