২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল সীমান্ত দিয়ে জ্বালানী তেল পাচার রোধে অভিযান, চার হাজার লিটার তেল আটক

ভারতে জ্বালানী তেল পাচার রোধে যশোর জেলা প্রশাসন সীমান্ত এলাকায় অভিযান শুরু করেছে। সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযানের প্রথম দফায় প্রায় চার হাজার লিটার তেল আটক করা হয়।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 07:10 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

প্রশাসন সূত্র জানায়, অভিযান চলাকালে যশোর জেলার চোরাচালান বিরোধী টাস্কফোর্সের একজন সদস্যের মালিকানাধীন পেট্রোল পাম্প থেকেও আটক করা হয় প্রচুর পরিমাণ তেল।

যশোর জেলা প্রশাসক আব্দুল ওয়াজেদ একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শার্শা-বেনাপোল সীমান্ত অঞ্চলে একটি টিম পাঠান। টিমটি শার্শা থেকে বেনাপোল পর্যন্ত সড়কের পাশের পাঁচটি পেট্রোল পাম্মে অভিযান চালায়।

শার্শার ইউএনও বশির আহমেদ বিডিনিউজকে জানান, যে পাঁচটি পেট্রোল পাম্পে অভিযান চলে, এগুলোর মধ্যে বেনাপোল ইউপি চেয়ারম্যান ও জেলার চোরাচালান বিরোধী টাস্কফোর্সের সদস্য মিলন হোসেনের ‘মিলন ফিলিং স্টেশনও’ রয়েছে।

তিনি জানান, অভিযানকালে দেখা যায়, সীমান্তের ওপারে পাচারের উদ্দেশ্যে প্রতিটি পেট্রোল পাম্পে বড় বড় কন্টেইনার হাতে ৩০/৪০ জনের লাইন রয়েছে। এছাড়া পাম্পগুলোর অফিস কক্ষসহ অন্যান্য কক্ষে রয়েছে কন্টেইনার ভর্তি বিপুল পরিমাণ জ্বালানী তেল।

তিনি আরো জানান, ফিলিং স্টেশনে জ্বালানী তেল ভূগর্ভস্থ রিজার্ভে রাখা বাধ্যতামূলক। এ কারণে ওই পাঁচটি ফিলিং স্টেশন থেকে কন্টেইনার ভর্তি প্রায় চার হাজার লিটার তেল আটক করা হয়।

ইউএনও বশির আহমেদ জানান, এই অভিযান অব্যাহত থাকবে। দ্বিতীয় পর্বে অভিযান চলবে প্রত্যন্ত এলাকাতেও।

এ বিষয়ে যশোর বিডিআরের ভারপ্রাপ্ত কমান্ডিং অফিসার মেজর সরোয়ার বিডিনিউজকে বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে জ্বালানী তেলের দামের বিশাল পার্থক্যই এ পাচারের সবচে বড় কারণ।

তিনি আরো বলেন, তেল পাচার প্রতিরোধে যখনই বিডিআর সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে, সীমান্ত এলাকার কৃষকদের সমস্যার কথা বলে স্থানীয় জনপ্রতিনিধিরা তাদের ওপর চাপ প্রয়োগ করেছে। এলাকার কৃষক ও ব্যবসায়ীদের জ্বালানী তেলের পাস দিয়ে থাকে স্থানীয় ইউপি চেয়ারম্যান।

অনুসন্ধানে জানা যায়, বিশ্ব বাজারে জ্বালানী তেলের মূল্যবৃদ্ধির পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তের চোরাকারবারীদের মধ্যে আইটেম হিসেবে সম্প্রতি জ্বালানী তেল জনপ্রিয়তা লাভ করে। তেল পাচার অব্যাহত রাখতে এরা বেশ সংগঠিত।

বেনাপোল সীমান্তের ওপারে ভারতের জয়ন্তীপুর, বয়রা, পিরোজপুর, বাগদা, আংড়াইল, মতিগঞ্জ ও শুটিয়াসহ বিভিন্ন স্থানে রীতিমতো বাংলা তেলের বাজার গড়ে উঠেছে। এই বাংলা তেল হচ্ছে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া পেট্রোল, ডিজেল ও অকটেন।

সীমান্ত ঘুরে দেখা গেছে, যশোরে শার্শা উপজেলার ডুপপাড়া সড়ক হয়ে বোয়ালিয়া, ধান্যখোলা, ঘিবা ও রঘুনাথপুর সীমান্ত দিয়ে অবাধে তেল পাচার হচ্ছে। ব্যারেল ও কন্টেইনার ভরে হাজার হাজার লিটার তেল নিয়ে যাওয়া হচ্ছে সীমান্তের দিকে।

এসব পাচারকারীদের প্রায় প্রত্যেকের কাছেই রয়েছে একাধিক ইউপি চেয়ারম্যানের দেওয়া চোরাচালানের পাস এবং পুলিশের দেওয়া টিকিট। তেল বহনকারী একাধিক ভ্যান চালক জানায়, ব্যারেল ও কন্টেইনার প্রতি পুলিশকে ২০ থেকে ১৩০ টাকা পর্যন্ত দিতে হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আমদানী পণ্য নিয়ে ভারতীয় ট্রাকগুলো যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তাদের তেলের ট্যাংকার থাকে প্রায় শূণ্য। অথচ ফিরে যাওয়ার সময় তারা ট্যাংকার বোঝাই করে তেল নিয়ে যায়। প্রতিদিন আমদানী পণ্য নিয়ে ৩০০ থেকে সাড়ে ৩০০ ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। একেকটি ভারতীয় ট্রাকের ট্যাংকারে তেল ধরে ২০০ থেকে আড়াইশ লিটার পর্যন্ত।

এভাবে তেল পাচারের জন্যে বেনাপোল বন্দর ট্রাক টর্মিনালের আশেপাশে গড়ে উঠেছে জ্বালানী তেলের অসংখ্য খোলা আড়ত। এসব আড়তে বিডিআর মাঝে মধ্যে অভিযান চালালেও পুলিশের সহযোগিতায় আবারও পাচার শুরু হয় বলে স্থানীয়দের অভিযোগ।

এদিকে বাংলাদেশের গরু ব্যবসায়ীরা জানায়, ঘন ঘন টাকার অবমূল্যায়ন হওয়ায় ভারতীয় গরু ব্যবসায়ীরা এখন আর টাকার বিনিময়ে গরু বিক্রি করতে রাজি হচ্ছে না। গরুর বিনিময়ে এখন তাদের জ্বালানী তেল দিতে হচ্ছে।

সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, সীমান্ত এলাকার ছোট একটি বাজারে প্রায় প্রত্যেক ব্যবসায়ীরই তেলের পাস রয়েছে। কারো কারো কাছে চেয়ারম্যানের দেওয়া একাধিক পাস রয়েছে।