২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লার সম্পাদক গোলাম মাহফুজ হত্যাকাণ্ডে নিন্দা ও ক্ষোভ

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক কুমিল্লা মুক্তকণ্ঠের সম্পাদক গোলাম মাহফুজ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিরোধী দলের নেতা ও একটি মানবাধিকার সংগঠন নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 07:40 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সম্পাদক গোলাম মাহফুজের হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। মঙ্গলবার এক বিবৃতিতে শেখ হাসিনা বলেন, “বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সাংবাদিক হত্যা, নির্যাতন ও সংবাদপত্রের কণ্ঠরোধের ঘটনা সকল সীমা ছাড়িয়ে গেছে। জোট সরকারের আমলে সাধারণ মানুষ তো দূরের কথা, সাংবাদিকদের জীবনেরও কোনো নিরাপত্তা নেই।”

বিবৃতিতে তিনি গোলাম মাহফুজ’র প্রকৃত হত্যাকারীদের অবিলম্বে খুঁজে বের করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা গোলাম মাহফুজ’র হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, বাংলাদেশে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন ক্রমান্বয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এক বিবৃতিতে কুমিল্লার দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার সম্পাদক সাংবাদিক গোলাম মাহফুজকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এদিকে কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব সাংবাদিক গোলাম মাহফুজ হত্যার নিন্দা জানিয়ে মঙ্গলবার এক প্রতিবাদ সভার আয়োজন করে।