ঢাকা বিশ্ববিদ্যালয় উত্তপ্ত, আবারো ছাত্রদলের হামলা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ওপর হামলা এবং শাম্মী হত্যার প্রতিবাদে উপাচার্য এবং প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল আবারো হামলা চালিয়েছে। ক্যাডাররা মঙ্গলবারও টার্গেট করে মেয়েদের ওপর হামলা চালায় এবং অনেককে লাঞ্ছিত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অপরাজেয় বাংলার সামনে একটি বোমা বিস্ফোরণের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া সংঘর্ষের জের ধরে ছাত্রদল দফায় দফায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালালে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ অর্ধশতাধিক আহত হয়। এদের মধ্যে অন্তত ১০ জনকে ভর্তি হরা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
ক্যাম্পাসে এখন বিরাজ করছে তুমুল উত্তেজনা।
প্রশাসন এবং ছাত্রদলের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি বেলা ১২ টা থেকে ১ ঘন্টার কর্মবিরতি চলাকালে ক্যাম্পাসে মৌন মিছিল করে।
এরআগে সকাল থেকেই ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন হল থেকে ক্যাডারদের জড়ো করে ক্যাম্পাসে নিয়ে আসে। সাধারণ ছাত্রছাত্রীরা যেনো আন্দোলনে যোগ দিতে না পারে, সে জন্য তারা এ সময় হলগুলোর গেট বন্ধ করে দেয়।
বেলা ১২ টার সময় অপাজেয় বাংলার সামনে ছাত্রদলের কর্মসূচী চলাকালে ছাত্রলীগ মিছিল নিয়ে সেখান দিয়ে যাওয়ার সময় একটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্রদল এ ঘটনায় ছাত্রলীগকে দায়ী করে শুরু করে নারকীয় তাণ্ডব। তারা লাঠিসোঠা নিয়ে ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের খুঁজতে থাকে।
ছাত্রদলের ক্যাডাররা মধুর কেন্টিন, আইবিএ, টিএসসিসহ বিভিন্ন স্থানে হামলা চালায়। ছাত্রদলের হামলায় এ সময় অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হয়। এদের অধিকাংশই ছাত্রী। ছাত্রদলের ক্যাডাররা ছাত্রীদের লাথি মেরে মারাত্মকভাবে আহত করে। তারা টার্গেট করে মেয়েদের ওপর হামলা চালায় এবং অনেককে করে লাঞ্ছিত।
আহতের মধ্যে ১০-১৫ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়। এদের মধ্যে রয়েছেন, ছাত্র ইউনিয়নের সহ সভাপতি জনি তালুকদার, জাহিদ মামুন ও ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি মনিরা ইয়াসমিন। ছাত্রদলের ক্যাডাররা মনিরার তলপেটে লাথি মেরে মারাত্মক আহত করে।
ওই ঘটনায় পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছাত্রদলের হামলা থেকে রক্ষা পেতে অনেকে লাইব্রেরীসহ বিভিন্ন ভবনে আশ্রয় নেয়।
বেলা ১ টার দিকে ছাত্রদল ক্যাডাররা কার্জন হলে আবার হামলা চালায়। এ সময় তারা জগন্নাথ এবং এসএম হলেও আন্দোলনরত সাধারন শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
