২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানে মোবাইল ফোন ব্যবহার সন্ত্রাসীদের উৎসাহিত করতে পারে!

বিমানে যাত্রীদের মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিলে বিমান হাইজ্যাক কিংবা সমন্বিত বোমা হামলার সম্ভাবনা প্রবল। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কর্মকর্তারা একথা বলেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 03:15 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ, হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও ফেডারেল ব্যুরো অব ইনিভেস্টিগেশন ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) কাছে বিমানে মোবাইল ফোন ব্যবহারের ফলে সম্ভাব্য সন্ত্রাসী হামলার একটি খসড়া চিত্র দাখিল করেছেন।

ফেডারেল এভিয়েশন কর্তৃপক্ষকে এরই পরিপ্রেক্ষিতে বিমান চলাচল মংক্রান্ত নীতিমালায় পরিবর্তন আনার ব্যবস্থা নিতে হবে।

বর্তমানে ব্যক্তিগত মোবাইল ফোন এবং যোগাযোগ সংক্রান্ত অন্যান্য সরঞ্জাম ব্যবহার বিমান ভ্রমণকালীন সময় অবশ্যই বন্ধ রাখতে হবে কারণ প্লেনে হামলা চালাতে এগুলো কাজে লাগানো হতে পারে।

বিমানের কিছু যাত্রী ফেডারেল কমিউনিকেশনস কমিশনকে জানিয়েছে যে, বিমানের ভেতরের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে মোবাইল ফোন কিংবা অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে সন্ত্রাসী ও অপরাধীরা সমন্বিত হামলা চালানোর ক্ষমতা রাখে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে বিমান হামলার সময় বিমানের ভেতর থেকে যাত্রী ও ক্রুরা মোবাইল ফোনের মাধ্যমে অন্যান্যদের সাথে কথাবার্তা বলেছেন।

আইনশৃঙখলা রক্ষা বাহিনী অনুরোধ জানিয়েছে, বিমানে যদি মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দেয়া হয়ই তাহলে বিমানের ওই যাত্রীদের মোবাইল ব্যবহারের আগে কোথায় তিনি ফোন করছেন তা নিবন্ধন করতে হবে। এটি করা হলে বিমানে হামলা বা হাইজ্যাকের ঘটনার অনুসন্ধানের জন্য সহজেই নিবন্ধনকৃত তথ্য থেকে দায়ী ব্যক্তিকে চিহ্নিত করা যাবে।

এয়ারলাইন্স এজেন্সিগুলো জানিয়েছে, বিমানে আত্মঘাতী সন্ত্রাসী হামলা ও বিমান হাইজাকের ঘটনা প্রতিরোধে তেমন কোনও কার্যকর ব্যবস্থা থাকে না।

নিরাপত্তা কর্মীরা উদ্বেগ প্রকাশ করে বলেছে, মোবাইল ফোন ব্যবহার বিমানে রিমোর্ট নিয়ন্ত্রিত বোমা হামলার ঝুঁকি বাড়াতে পারে। ফেডারেল কমিউনিকেশন কমিশনকে বেশ কয়েক জন বিমান কর্মী জানিয়েছে, বিমানে মোবাইল ফোন ব্যবহারের অনুমতি দিলে জরুরি অবস্থায় কাজ করা অসম্ভব হয়ে পড়ে। এক্ষেত্রে তারা যাত্রীদের রোষানলে পড়তে পারে।