২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীর ঐতিহ্যবাহী পাটিশিল্প বিলুপ্তির পথে

প্রয়োজনীয় পুঁজি ও কাঁচামালের অভাবে টঙ্গীর ঐতিহ্যবাহী পাটি শিল্প আজ প্রায় বিলুপ্তির পথে। পাটি শিল্পের সাথে জড়িত প্রায় ২ হাজার পরিবার নিজ পেশা ছেড়ে অন্য পেশায় চলে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 01:40 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

সুদূর অতীত থেকে জেলা শহরের টঙ্গী, কালিয়াকৈর, কালিগঞ্জ ও এর আশ পাশের বিভিন্ন এলাকায় প্রায় ২ হাজার পরিবার বংশানুক্রমিকভাবে পাটি শিল্পে নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে আসছিলো। এ শিল্পের সাথে জড়িত ছিল এমন কয়েকজনের সাথে আলাপকালে তারা জানায়, পাটি শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল উৎপাদনের উপযোগী জমি দিন দিন হ্রাস পাচ্ছে। ফলে প্রয়োজনীয় উপকরণ পাওয়া যাচ্ছেনা।

পাটি শিল্পের সাথে জড়িত আপিল চন্দ্র জানায়, আমাদের এখন খুবই খারাপ অবস্থা। অল্প আয়ে এখন আর চলেনা। চাহিদার তুলনায় কাচামালের উৎপাদন কম হওয়াতেই এ শিল্প বিলুপ্তির পথে।

এক সময় গাজীপুর জেলা ছিল বাঁশ সম্পদে ভরপুর। বিশেষ করে বর্ষা মৌসুমে তুরাগ নদীতে দেখা যেত অসংখ্য বাঁশের মাচা। বর্তমানে আর ততটা চোখে পড়েনা।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, পরিকল্পিত উপায়ে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করলে বছরে কমপক্ষে ১টি বাঁশ থেকে ১০/১২টি বাঁশের চারা উৎপাদন করা সম্ভব। এসব বাঁশের মধ্যে রয়েছে নলি, বরাক, তল্লা ও মড়াল বাঁশ। বর্তমানে একটি বড় বাঁশের মূল্য প্রায় ১৮০/২০০ টাকা। কয়েক বছর পূর্বে এই বাঁশের মূল্য ছিল মাত্র ১০০ টাকা। আবার একটি বাঁশের তৈরী খল্পার মূল্য ৬০/৮০ টাকা। কয়েক বছর পূর্বে যা মাত্র ২০/৩০ টাকায় পাওয়া যেত। বাঁশের মূল্য বৃদ্ধি ও বাঁশের অপ্রতুলতার কারণে অনেক বাঁশ শ্রমিক বর্তমানে বেকার জীবন-যাপন করছে। অবিলম্বে বাঁশ সম্পদ উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির উদ্যোগ ও পরিচর্যা এবং আবাদী জমি বৃদ্ধি না করা গেলে অচিরেই উজার হয়ে যাবে গাজীপুর জেলার ঐতিহ্যবাহী বাঁশ সম্পদ।