জামালপুরে পৃথক দু‘টি ঘটনায় আহত ১২, ১৫টি টেম্পু ভাংচুর
জেলার মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউপির ৩ নং ওয়ার্ডে সোমবার অনুষ্ঠিত উপ-নির্বাচনে বিজয়ী প্রার্থীর বিজয় মিছিল চলাকালে মিছিলকারীদের সাথে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের ম্টো ৬ জন গুরতর আহত হয়।
অন্যদিকে, চাঁদাবাজির একটি ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ১৫টি টেম্পু ভাংচুর করে। এ ঘটনায় ৬ জন আহত হয়।
সূত্র জানায়, নির্বাচনী ফলাফল ঘোষণা করা মাত্র বিজয়ী ইউপি সদস্য মোফাজ্জল তার সমর্থকদের নিয়ে মিছিল বের করলে অপর দুই প্রতিদ্বন্দ্বি প্রার্থীর সমর্থকরা মিছিলটি অন্য রাস্তায় ঘুরিয়ে নিতে বললে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে লাভলু খান (২৫), ফারুখ (২০), আ. ছামাদ (৫০), রফিকুল (১৮)সহ ৬ জন গুরতর আহত হয়।
আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অপর ঘটনাটি ঘটে শহরের সিএন্ডবি রোডস্থ নান্দিনা টেম্পু ষ্ট্যান্ডে ৩০ মে সন্ধ্যা সাড়ে ছয়টায়। চিহ্নিত চাঁদাবাজ-সন্ত্রাসীরা প্রতিদিনের ন্যায় টেম্পু চালকদের কাছে চাঁদা দাবি করে। তারা চাঁদা দিতে অস্বীকার করলে সংঘবদ্ধ সন্ত্রাসীরা টেম্পু চালকদের ওপর অতর্কিত হামলা চালায়। এসময় সন্ত্রাসীরা ১৫টি টেম্পু ভাংচুর করে এবং চালক ও যাত্রীদের মার ধর করে। তাদের হামলায় খায়রুল (৩০), শফিকুল (২৫)সহ ৬ জন আহত হয়।
আহতদের মধ্যে খায়রুলকে আশংকাজনক অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে টেম্পু চালকরা তাৎক্ষণিকভাবে জামালপুর-ময়মনসিংহ মহাসড়ক প্রায় ২ ঘন্টা অবরোধ করে রাখে। পরে জেলা বিএনপি‘র সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ ও শহর বিএনপি‘র সাধারণ সম্পাদক লিয়াকত আলী ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের ব্যাপারে টেম্পু চালকদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
