সমস্যায় জর্জরিত কিশোরগঞ্জ পৌরসভা
জেলার পৌর এলাকাগুলো বর্তমানে বিভিন্ন সমস্যায় জর্জরিত। বিশেষ করে ভাঙ্গা রাস্তাঘাট এবং লোড শেডিং-এর কারণে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত।
বাড়িতে বিদ্যুৎ না থাকলেও কিছুদিন আগেও রাস্তার বাতিগুলো ঠিকই জ্বলতো। কিন্তু এখন রাস্তায়ও বাতি থাকে না। এ কারণে স্থানীয় অপরাধীরা বিভিন্ন রকম অপরাধমূলক কার্যক্রম অবাধে চালিয়ে যাচ্ছে, যার শিকার হচ্ছে বাসিন্দারা।
পৌর এলাকার প্রধান প্রধান ও ব্যস্ততম প্রতিটি রাস্তাই অসংখ্য ছোট-বড় গর্তের সমাহার। বৃষ্টির সময় এসব রাস্তা বাসিন্দাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। তাছাড়া পৌরসভার ভেতর চলাচলের একমাত্র মাধ্যম হলো রিকসা। অতিরিক্ত রিকসা, সংকীর্ণ রাস্তায় বড় ধরনের যানবাহনের অনুপ্রবেশ ইত্যাদির ফলে যাতায়াত দুঃসহ হয়ে উঠেছে। বিশেষ করে জেলার বড় বাজার, তেরিপট্টি, পৌর মার্কেট এলাকা, বিভিন্ন বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা এবং গৌরাঙ্গ বাজারের রাস্তাগুলোর অবস্থাও খুবই খারাপ। অথচ এসব রাস্তা গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম।
বর্তমানে পৌরসভাকে নগর উন্নয়ন প্রকল্পের আওতাধীনে আনার জন্য বর্তমান পৌর প্রশাসন জোরালোভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা শুরু করেছে। এর জন্য খাজনা বা কর আদায়ের বিষয়টিকে পৌরসভা অধিক গুরুত্ব দিচ্ছে বলে জানা গেছে।
বর্তমান পৌর প্রশাসন খুব শীঘ্রই সকল সমস্যার সমাধান করে কিশোরগঞ্জবাসীকে পরিষ্কার-পরিচ্ছন্ন, নির্ঞ্ঝাট একটি পৌরসভা উপহার দেবে, সেই প্রত্যাশা সকলের।
