২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নদী ভাঙ্গন : ধরলা ব্রীজসহ কয়েক শ’ কোটি টাকার সম্পদ হুমকির মুখে

ধরলা নদীর প্রবল ভাঙ্গনের মুখে পড়েছে কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়নের বড়াইবাড়ী এলাকায় নব নির্মিত ২ কিমি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত ধরলা ব্রীজ, পাটেশ্বরী রেগুলেটর, কয়েকটি বাজার, ইউপি কমপ্লেক্স এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানসহ এপ্রোচ রোড এখন মারাত্মক হুমকির মুখে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2005, 09:15 AM

Updated : 26 Apr 2022, 05:43 PM

কর্মকর্তাদের সাফ জবাব, অর্থ বরাদ্দ নেই তাই সৃষ্টিকর্তার ওপরই ভরসা।

পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের বন্যায় ভোগডাঙ্গা এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি ভেঙ্গে গেলে বি¯তীর্ণ এলাকা প্লাবিত হয়। কুড়িগ্রাম সেচ ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উত্তর ইউনিটের আওতায় ৫০ লাখ টাকা ব্যয়ে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় বাঁধ নির্মাণের কাজ দ্রুতগতিতে শুরু করা হলেও পাহাড়ী ঢলের কারণে ধরলা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেখা দিয়েছে প্রলয়ঙ্করী ভাঙ্গন। গত ১৫ দিনে ভাঙ্গন ৪০০ মিটার ভেতরে বি¯তৃত হয়েছে। বর্তমানে বাঁধ থেকে ভাঙ্গনের দূরত্ব ৩০০ মিটার।

পানি উন্নয়ন বোর্ডের বিশেষজ্ঞরা বলেন, এভাবে ভাঙ্গন অব্যাহত থাকলে আগামী কিছুদিনের মধ্যে ধরলার বর্তমান গতিপথ পুরনো ধরলা চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাবে। পাশাপাশি পার্শ¦বর্তী ৩৫টি গ্রাম প্লাবিত হয়ে প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হবার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই সাথে ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভুরঙ্গমারী উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

পানি উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী জানান, জরুরী ভিত্তিতে ভাঙ্গন রোধে এক কোটি টাকার বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ না পাওয়া পর্যন্ত তারা অসহায়।

বড়াইবাড়ী গ্রামের নজির হোসেন (৬০), খতব আলী (৫৫) ও প্রাক্তন মেম্বার আক্তার হোসেন জানান, গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। বন্যার পানি ঠেকাতে এলাকার শত শত নারী পুরুষ বাঁধ নির্মানে সহায়তা করছে। অথচ পানি উন্নয়ন বোর্ড এ ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না।