ঢাবি শিক্ষক সমিতি শাম্মীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ও শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়েছে
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি শনিবার নগরীর শাহবাগে বাসের চাকায় পিষ্ঠ হয়ে নিহত ছাত্রী শাম্মীর মৃত্যুর প্রতিবাদ জানিয়ে এক ঘন্টার ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে।
শিক্ষকরা মঙ্গলবার বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ধর্মঘট পালন করবেন।
শিক্ষক সমিতির কার্যালয়ে সোমবার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে তারা শাম্মীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।
শিক্ষক সমিতির বৈঠকে প্রতিবাদকারী শিক্ষার্থীদের ওপর শনিবারের পুলিশি তাণ্ডব ও রোববারের হামলার নিন্দা জানানো হয়।
শিক্ষক সমিতির সভাপতি আ আ ম স আরেফিন সিদ্দিকির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আখতারুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
