বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণ বন্ধে ভারত সরকারের সিদ্ধান্তে বিজেপি’র বিরোধীতা
ভারতের সাবেক ক্ষমতাসীন দল বিজেপি সোমবার অভিযোগ করে বলেছে বাংলাদেশের প্রতিবাদের প্রেক্ষিতে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করে দেশের সার্বভৌমত্বের ব্যাপারে আপোষ করেছে।
বিজেপি’র মুখপাত্র এবং রাজ্য ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ধ্রুব প্রসাদ বৈশ্যকে উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই জানায়, এতে যে কেবল আসামের আদিবাসীদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে তা নয়, এটা দেশের সার্বভৌমত্বের ওপরও হুমকিস্বরূপ।
তিনি বলেন, অনুপ্রবেশ বন্ধ করতে কেন্দ্রীয় সরকারের কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু সরকার ঢাকার প্রতিবাদের প্রেক্ষিতে বেড়া নির্মাণই বন্ধ করে দিয়েছে।
তিনি আরও বলেন, এটা প্রমাণ করে ইউপিএ সরকার বাংলাদেশ থেকে আসামে অবৈধ অনুপ্রবেশ বন্ধে কার্যকর কোনও পদক্ষেপ গ্রহণে ব্যর্থ হয়েছে।
