ভারতের উচিত বাংলাদেশের সন্ত্রাসীদের খুঁজে বের করা: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খান সোমবার বলেছেন, ভারতের উচিত তাদের মাটি থেকে বাংলাদেশী সন্ত্রসীদের খুঁজে বের করা।
তিনি তার কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, যদি উভয় দেশই সন্ত্রাসীদের নিয়ন্ত্রণ করে তাহলে বাংলাদেশের সন্ত্রাসীরা ভারতের মাটিতে আশ্রয় নিতে পারবে না আবার একইভাবে বাংলাদেশেও ভারতীয় সন্ত্রাসীরা ঠাঁই পাবে না। তাদের পালিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে। আমরা আশা করি ভারত তাদের মাটি থেকে সন্ত্রাসীদের খুঁজে বের করতে অভিযান শুরু করবে।
মৌলভীবাজার জেলার কমলগঞ্জের পুরানবাড়িতে শুক্রবার বিডিআর ও র্যাবের যৌথ অভিযানে পাঁচ ভারতীয় জঙ্গীসহ ছয়জন নিহত হয়।
মোরশেদ খান বলেন, মৌলভী বাজারের সাম্প্রতিক অভিযানের ফলে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারী যেই হোক না কেন আমরা তাদের উৎখাত করব।
মৌলভীবাজারের অভিযানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা কাউকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেব না।
মৌলভী বাজারে নিহতদের পরিচয় সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের পরিচয় উদ্ধারে কাজ করছে। যেখানেই আমরা তথ্য পাব সেখান থেকেই আমরা তাদের উৎখাত করব। তিনি আরও বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে শনিবার পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন বলেছিলেন, যদি কোনও গেরিলা ও সন্ত্রাসী গোষ্ঠি বাংলাদেশের মাটি ব্যবহার করে তাহলে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
একই দিনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাংবাদিকদের বলেন, সরকার কোনও আভ্যন্তরীণ ও বাইরের সন্ত্রাসী গোষ্ঠিকে আশ্রয় প্রশ্রয় দেবে না। তিনি আরও বলেন, এ ধরনের অপরেশন একটি অব্যাহত প্রক্রিয়া।
