২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় সাংবাদিক খুন, তিনজন আটক

কুমিল্লা থেকে প্রকাশিত দৈনিক ‘কুমিল্লা মুক্তকণ্ঠ’র প্রকাশক ও সম্পাদক মুহাম্মদ গোলাম মাহফুজকে (৩৮) কে বা কারা জবাই করে হত্যা করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সোমবার দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

সাংবাদিক মাহফুজ হত্যার ঘটনায় পুরো শহরে নেমে এসেছে শোকের ছায়া।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, মাহফুজ রোববার রাতে খাওয়ার পর বাগিচাগাঁওয়ে নিজের পত্রিকা অফিসে ঘুমাতে যান। কিন্তু পরদিন বেলা বেড়ে যাওয়ার পরও বাড়ি না ফেরায় তার মা বেলা ১ টার দিকে বাড়ির কাজের বুয়াকে পাঠান মাহফুজকে ডাকার জন্যে।

কাজের বুয়া বাইরে থেকে ছিটকিনি আটকানো দরজা খুলে মাহফুজের লাশ মাটিতে পড়ে থাকতে দেখেন। পরে তার মাসহ পরিবারের অন্যরা এসে মাহফুজের গলাকাটা লাশ দেখতে পান। বেলা দেড়টার মধ্যে মাহফুজ হত্যার খবর সারা শহরে ছড়িয়ে পড়ে।

ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সাংবাদিকরা তার বাড়িতে ভিড় করেন।

পুলিশ বিকেলে গোলাম মাহফুজের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে তারা নিহত মাহফুজের অফিস পিয়ন আইয়ুব আলীকে তার বদরপুরের গ্রাম থেকে গ্রেফতার করে। এছাড়া সাংবাদিক মাহফুজের এক আত্মীয় মোশাররফ হোসেন ও কাজের বুয়া রওশনারাকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, হত্যাকারীরা ঠান্ডা মাথায় ধারালো অস্ত্র দিয়ে সাংবাদিক মাহফুজকে জবাই করে খুন করেছে। তার গলার বামপাশে দুবার জবাই করার চিহ্ন রয়েছে। তাছাড়া হত্যাকারীরা মৃত্যু নিশ্চিত করতে মাহফুজের দুহাতের রগ কেটে দেয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দৈনিক কুমিল্লা মুক্তকন্ঠ’র দুরুমের অফিসটির যে কক্ষে পত্রিকাটির সম্পাদক মাহফুজ বসতেন, সেখানে মেঝে ও বুক সেলফে ছড়িয়ে আছে নিহতের রক্তের ছোপ ছোপ দাগ।

পুলিশ খোঁজ নিয়ে বলেছে, হত্যাই ছিলো খুনীদের একমাত্র লক্ষ্য। ওই অফিস থেকে মূল্যবান কোনও কিছুই খোয়া যায়নি। তারা জানায়, ওই রাতে মাহফুজের সঙ্গে আর কারা ছিলো, এ বিষয়ে তারা খোঁজ করে দেখছে। তাৎক্ষণিকভাবে হত্যার নিশ্চিত কোনও কারণ জানা যায়নি।

নিহতের বড়ভাই শাজাহান বিডিনিউজকে জানান, গ্রেফতারকৃত অফিস পিয়ন আইয়ুব আলী প্রতিরাতেই মাহফুজের পাশের ঘরে ঘুমাতো। তার ধারণা, এ হত্যার পেছনে তার হাত থাকতে পারে।

নিহতের মা সুফিয়া বেগমও বিডিনিউজকে একই কথা বলেন।

পারিবারিক সূত্র জানায়, পাঁচ ভাই দুবোনের মধ্যে সাংবাদিক মাহফুজ ছিলেন সবার ছোট। ব্যক্তিগত জীবনে অবিবাহিত মাহফুজের বিয়ের জন্যে পাত্রী দেখা হচ্ছিল।

তার হত্যার খবর সর্বত্র ছড়িয়ে পড়লে পুরো শহরে নেমে আসে শোকের ছায়া। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার শত শত নারীপুরুষ নিহতের বাগিচাগাঁও’র ২৮, সুফিয়া মঞ্জিলের বাসা ও পাশের কুমিল্লা মুক্তকন্ঠ অফিসে ভিড় জমায়। হত্যার বিভৎসতা দেখে অনেকেই কান্নায় ভেঙে পড়ে।

কুমিল্লা প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক সাংবাদিক মাহফুজ হত্যার প্রতিবাদে জেলা প্রেসক্লাব তিনদিনের প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছে। এ সব কর্মসূচির মধ্যে রয়েছে, প্রেসক্লাবে কালো পতাকা উত্তোলন এবং সন্ধ্যা ৭ টায় বিক্ষোভ মিছিল।