সোনারগাঁওয়ে জিয়ার মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে বিএনপি দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে সোনারগাঁও থানার পিরোজপুর ইউনিয়নে সোমবার বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষে উভয় গ্রুপের ১০ জন নেতাকর্মী আহত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, মৃত্যুবার্ষিকী পালনের জন্যে বরাদ্দকৃত টাকার ভাগাভাগি নিয়ে এ সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, বিকেল তিনটার দিকে স্থানীয় বিএনপি সাংসদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রেজাউল করিম কাঙ্গালি ভোজের খিচুরী বিতরণ শুরু করে চলে আসার পরপরই স্থানীয় রব গ্রুপ ও তাজুল গ্রুপের মধ্যে এ সংঘর্ষ বাধে।
গুরুতর আহত তাজুল গ্রুপের প্রধান তাজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের মধ্যে আছে- মেহের মোল্লা, মোহাম্মদ আলী, আনোয়ার, শাহনাজ বেগম, জব্বর, মোক্তার।
সোমবার রাত ৮টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা হয়নি।
