২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাপীর বাসায় এখনো শোকের ছায়া, ৩ দিনের শোক কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী শাম্মী আক্তার হ্যাপীর অকাল মৃত্যুতে পঞ্চগড়ে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে। চলছে সর্বদলীয়ভাবে ঘোষিত ৩ দিনের শোক কর্মসূচি।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

এর অংশ হিসেবে সোমবার থেকে জেলার সকল অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠানসহ সর্বত্র কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের কর্মসূচি শুরু হয়েছে।

অন্যদিকে, হ্যাপীর অকাল মৃত্যুর জন্য দায়ী ব্যাক্তিদের দৃষ্টান্তমুলক বিচার ও শাস্তির দাবি এবং ঢাকা বিশ্ববিদ্যালযের সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর পুলিশ ও ছাত্রদল ক্যাডারদের ন্যাক্কারজনক হামলা ও নির্যাতনের প্রতিবাদে জেলা ছাত্রলীগ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ এবং জেলা জাতীয় ছাত্র সমাজ ও জাতীয় যুব সংহতি শহরে শোক র‌্যালী করেছে।

এদিকে সোমবারেও নিহত হ্যাপীর ইসলামবাগস্থ বাসায় আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খীদের ভীড় দেখা গেছে। তার পিতা-মাতা ও স্বজনদের কান্নায় বাড়ীতে কালও ছিল শোকের ছায়া। কারও শান্তনাই তাদের থামাতে পারছে না।

৫ম ও ৮ম শ্রেনীতে বৃত্তি এবং ২০০০ সালে এইচএসসি মেধা তালিকায় স্থান পাওয়া হ্যাপীর স্মৃতিচারণ করে তার বান্ধবিরা জানায় হ্যাপী নেই একথাটা এখনো বিশ্বাস হচ্ছে না। তারা জানায়, সদা হাস্যোজ্জল হ্যাপীর আচার আচরণের সঙ্গেও তার নামের প্রচন্ড মিল ছিল।