বাংলাদেশ-ভারত সীমান্তে সতর্কতা
ভারত-বাংলাদেশ সীমান্তের ত্রিপুরা ও আসামে নিরাপত্তা বাহিনী সর্তকাবস্থায় রয়েছে। ত্রিপুরা, মিজোরাম ও কাছাড় সীমান্তের বিএসএফ’র আইজি এসকে দত্ত জানান, ত্রিপুরা, কাছাড় ও মিজোরামের সবক’টি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
বাংলাদেশে আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালনার পর এ নিরাপত্তা ব্যবস্থা গৃহীত হয়। সীমান্ত পাড়ি দিয়ে এসব অপরাধী চক্রের সদস্যরা ভারতে ঢুকে না পড়তে পারে সে লক্ষেই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান একে দত্ত।
এর আগে বাংলাদেশ রাইফেলস’র সাথে এক বৈঠকে বিএসএফ বাংলাদেশকে চট্টগ্রামের পার্বত্য অঞ্চল, সিলেট ও পার্শ্ববর্তী জেলাগুলোতে ভারতীয় গেরিলাদের ঘাঁটি রয়েছে বলে একটি তালিকা দেয়।
ত্রিপুরার মূখ্যমন্ত্রী মানিক সরকার কেন্দ্রীয় সরকারকে বিষয়টি নিয়ে বাংলাদেশের সাথে আলোচনা করার জন্য অনুরোধ করেন। যাতে করে গেরিলারা বাংলাদেশের ভূমি ব্যবহার করতে না পারে।
এসকে দত্ত বলেন, আমরা খুশি যে বাংলাদেশ লুকিয়ে থাকা সন্ত্রাসীদের বিরুদ্ধে এখন অভিযান চালু করেছে।
গত ২৭ মে ঢাকার একটি রিপোর্টে বলা হয়, বাংলাদেশ রাইফেলস এবং র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন মৌলভী বাজার জেলার সীমান্তবর্তী পুরানবাড়ি এলাকায় অভিযান চালালে পাঁচ ভারতীয়সহ ছয় জন নিহত হয়।
বাংলাদেশ শনিবার জানায়, এই দেশে যেসব গেরিলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।
পররাষ্ট্র সচিব হেমায়েত উদ্দিন মৌলভী বাজারের অভিযানের ব্যাপারে সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, আমাদের কাছে যখন তথ্য আসল তখন আমাদের বাহিনী তাদের চিহ্নিত করে সফল অভিযান চালায়।
তিনি বলেন, এই ব্যাপারে আমাদের অবস্থান স্পষ্ট। বাংলাদেশ কখনও কোনও গেরিলা বা আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রকে এদেশের মাটি ব্যাবহার করতে দেবে না।
