মুন্সিগঞ্জে এক প্রধান শিক্ষক নির্যাতিত
জেলা সদরের জে কে উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষকের ওপর চরম নির্যাতন চালিয়ে তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে। বজ্রযোগিনী ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা তোতা মুন্সীর নেতৃত্বে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে।
সূত্র জানায়, রোববার তোতা মুন্সীর নেতৃত্বে ম্যানেজিং কমিটির কয়েক সদস্য স্কুলের প্রধান গেট বন্ধ করে প্রধান শিক্ষককে একটি কক্ষে বন্দি করে নির্যাতন চালায় এবং রেজুলেশন খাতাসহ সাদা কাগজে জোর করে স্বাক্ষর রেখে তাকে স্কুল থেকে বের করে দেয়। নির্যাতিত প্রধান শিক্ষককে হাসপাতালে নেওয়ার পথেও সন্ত্রাসীরা বাধা দেয় এবং বিষয়টি প্রকাশ না করার জন্য হুমকি প্রদান করে।
স্কুল ম্যানেজিং কমিটির সদস্যদের অসৎ কার্যকলাপে সহায়তা না করায় উক্ত প্রধান শিক্ষকের ওপর নির্যাতন চালানো হয় এবং পদত্যাগে বাধ্য করা হয় বলে জানা যায়।
এদিকে, সন্ত্রাসীরা একই সঙ্গে সহকারী প্রধান শিক্ষককেও সাময়িক বরখাস্ত দেখিয়ে তাদের পছন্দের এক শিক্ষককে প্রধান শিক্ষকের দায়িত্ব দিয়েছে।
এই ঘটনায় স্থানীয় সুশীল সমাজে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে।
