শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৪তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে সারাদেশে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৪তম মৃত্যুবার্ষিকী সোমবার সারাদেশ ব্যাপী পালিত হচ্ছে।
চট্টগ্রাম সার্কিট হাউজে ১৯৮১ সালের এই দিনে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে তিনি নিহত হন।
ক্ষমতাসীন বিএনপি এ দিবসটি উপলক্ষ্যে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
বিএনপি কেন্দ্রীয়ভাবে ১০ দিনের কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া জেলা ও থানা পর্যায়ে দু‘দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বিএনপি এবং অঙ্গ সংগঠনগুলো দিবসটি উপলক্ষ্যে বিভিন্ন ধরনের পোস্টার প্রকাশ করে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে মহানগর নাট্যমঞ্চে আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় বিএনপি’র শীর্ষ পর্যায়ের নেতারা বক্তব্য রাখবেন।
সোমবার সকালে বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
এ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সোম ও মঙ্গলবার নগরীর বিভিন্ন স্থানে গরীব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করবেন।
দলীয় সূত্র আরও জানায়, জিয়াউর রহমানের জীবন নিয়ে ৩১ মে থেকে ৭ জুন পর্যন্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
