২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের অপুষ্টি ঘোঁচাতে পারে ভেষজ উদ্ভিদ সজনে

বৈজ্ঞানিক নাম মরিঙ্গা ওলেইফেরা হলেও বাংলায় একে আমরা সজনে বলেই চিনি। অথচ গ্রাম বাংলার খুবই পরিচিত এই সজনের মাঝে কী পরিমাণ ভেষজ গুণাগুণ রয়েছে তা অনেকেরই অজানা। বাংলাদেশের একটি বড় সমস্যা পুষ্টিহীনতা। বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের শিশুরাই অধিক হারে অপুষ্টির শিকার। সজনের মাঝে লুকিয়ে থাকা ভেষজ গুণাগুণ দূর করতে পারে এই সমস্যা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2005, 01:48 PM

Updated : 26 Apr 2022, 05:43 PM

মরিঙ্গাসি গণের তের প্রজাতির মধ্যে মরিঙ্গা ওলেইফেরা সবচে বেশি পরিচিত উদ্ভিদ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নিউট্রিশন এ্যান্ড ফুড সাইন্স-এর এক সমীক্ষা থেকে মরিঙ্গা ওলেইফেরার খাদ্য গুণ সম্পর্কে বিশদ তথ্য জানা গেছে। বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে, পূর্ণ গুণাগুণ সমৃদ্ধ খাবারই কেবল মেটাতে পারে আমাদের অপুষ্টি সমস্যা। বেশিরভাগ মানুষ প্রয়োজনীয় পুষ্টিকর খাবারের অপুষ্টিতে ভুগে।

আধুনিক বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ করছে যে, মরিঙ্গা বা ডাঁটা শাকে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে।

শিশুদের খাদ্য তালিকায় ডাঁটা শাক অন্তর্ভুক্ত করলে সে পেতে পারে লৌহ, আমিষ, কপার, বিভিন্ন ভিটামিন এবং প্রয়োজনীয় এ্যামিনো এসিড। ফলে তা হবে শিশুর জন্য আদর্শ পুষ্টিকর খাবার।

সজনে শাক ও ডাটা মায়ের স্বাস্থ্য ঠিক রাখতে সাহায্য করে। সেইসাথে গর্ভস্থ্য সন্তান অথবা দুগ্ধপোষ্য শিশুর জন্যও খুব উপকারী এটি। সজনে বা ডাঁটা শাকের মাধ্যমে মহিলাদের প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদার এক তৃতীয়াংশেরও বেশি এবং প্রয়োজনীয় লৌহ, আমিষ, কপার, সালফার এবং ভিটামিন বি মিটতে পারে।

মাত্র ২০ গ্রাম শাক মহিলাদের প্রতিদিনের ভিটামিন সি-এর চাহিদা পূরণ করতে পারে। এক থেকে তিন বছর বয়সী সব শিশুর জন্য এক টেবিল চামচ শাক থেকে পাওয়া যাবে ১৪% আমিষ, ৪০% ক্যালসিয়াম, ২৩% লৌহ এবং প্রায় সব জাতের ভিটামিন এ। আর পূর্ণ ছয় টেবিল চামচ শাক গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের প্রতিদিনের প্রয়োজনীয় লৌহ ও ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে। শুধু খাদ্য উপাদান হিসেবেই নয়, এই শাক সার ও ওষুধ হিসেবে কাচে লাগে। গৃহস্থালী পরিচ্ছন্নতা উপকরণ ও পানি বিশুদ্ধিকরণের কাজেও লাগে।

প্রাচীন কালেও সজনে মূল্যবান একটি উপাদান হিসেবে ব্যবহৃত হত। রোমান, গ্রীক এবং মিশরীয়রা এর বীজ থেকে তেল বের করে তা সুগন্ধী এবং গায়ে মাখার লোশন হিসেবে ব্যবহার করত।

ভারতীয় উপমহাদেশে সজনে খাদ্য হিসেবে অনেক আগে থেকেই পরিচিত। পশ্চিম আফ্রিকা এবং এশিয়ার কিছু অংশেও সজনে শাক খাওয়া হয়।

দীর্ঘদিন ধরে এই ভেষজ উদ্ভিদটি নিয়ে কাজ করছেন মাসুদ। তিনি বলেন, সুস্বাস্থ্যের ক্ষেত্রে দরিদ্রতা সবচে বড় বাধা। এই দরিদ্রতা দূর করতে হলে আমাদের অপুষ্টি এবং অস্বাস্থ্যকর অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষ অপুষ্টির শিকার। অপুষ্টির কারণে বিভিন্ন ধরণের অসুখ-বিসুখ হয়ে থাকে। প্রয়োজনীয় উপাদান যেমন, ভিটামিন এবং খনিজের অভাব থেকে মেদবাহুল্য এবং অন্যান্য ক্রনিক অসুখ হয়ে থাকে।

তাই এক্ষেত্রে সমাজের প্রধান সিদ্ধান্ত প্রণেতা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মীদের মাঝে সচেতনতা বাড়াতে হবে। তাদের অনেকেই এ বিষয়ে যথেষ্ট অবহিত নন। এছাড়াও আমাদের গণযোগাযোগ, বিশেষ করে ইলেক্ট্রনিক মিডিয়া এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।