প্রতারণার ফাঁদে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ
বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের জাল ‘অনাপত্তি পত্রের’ মাধ্যমে যশোরের বেনাপোল কাস্টমস হাউজ থেকে উচ্চক্ষমতা সম্পন্ন ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ টেলি যন্ত্রাংশ হাতিয়ে নিয়েছে এক প্রতারক।
জানা গেছে, আনোয়ার হোসেন খান নামের এক প্রতারক এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা দায়ের হয়েছে। কাস্টমস কর্তৃপক্ষ আনোয়ারকে ধরার জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছে।
কাস্টমস সূত্র জানায়, প্রতারক আনোয়ার হোসেন খান (পাসপোর্ট নং এক্স-০০৭৬৫৯৭) উচ্চক্ষমতা সম্পন্ন বেশকিছু টেলি যন্ত্রাংশ নিয়ে ১ মে ভারত থেকে বেনাপোলে প্রবেশ করে। বেনাপোলে প্রবেশের পরপরই বিডিআর এসব পণ্য আটক করে কাস্টমস গোডাউনে জমা দেয়।
পরে আনোয়ার হোসেন যন্ত্রপাতিগুলোর শুল্ক পরিশোধের জন্য বেনাপোল কাস্টমস হাউজে আবেদন করলে কাস্টমস হাউজ থেকে তাকে জানানো হয়, টিএন্ডটি বোর্ডের ‘অনাপত্তি পত্র’ ছাড়া এসব যন্ত্রপাতি ছাড় করানোর কোনও নিয়ম নেই। আনোয়ার হোসেন পরে টিএন্ডটি বোর্ডের সীল ও স্বাক্ষর জাল করে কাস্টমস হাউজে একটি ‘অনাপত্তি পত্র’ দাখিল করে ও শুল্ক পরিশোধের মাধ্যমে যন্ত্রপাতি ছাড় করে নিয়ে যায়।
আনোয়ারের দাখিল করা ‘অনাপত্তি পত্র’ পরীক্ষা- নিরীক্ষা করে জাল প্রমাণিত হওয়ার পর কাস্টমস কর্তৃপক্ষ তার বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় একটি মামলা দায়ের করে এবং তাকে ধরিয়ে দেয়ার বিনিময়ে পুরস্কারের ঘোষণা দেয়।
কাস্টমস কর্তৃপক্ষ তাকে আটকের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে । তার পিতার নাম রফিক উদ্দিন খান। তার বাসা ৫৯/২ এ, ইসলামপুর রোড, বাবু বাজার, ঢাকা বলে জানা গেছে।
