যশোর ফ্লাইট হাইজ্যাকের চেষ্টা: এক ব্যক্তি গ্রেফতার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যশোর ফ্লাইট হাইজ্যাকের অপচেষ্টার দায়ে পুলিশ রুহুল আজিজ মুকুল (৩৪) নামে এক ব্যক্তিকে শনিবার সকালে জিয়া বিমানবন্দরে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, রোববার তাকে এক দিনের রিমান্ডে এনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিমানবন্দর থানার ওসি এমএ হানিফ বিডিনিউজকে জানান, যশোর-ঢাকা রুটের ফ্লাইটের (বিজি-৬৬২) যাত্রী রুহুল আজিজ মুকুল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা বিমানবন্দরে নেমেই সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মীদের জানায়, বিমান হাইজ্যাক-এর সঙ্গে জড়িত একটি সন্ত্রাসী চক্র তাকে নির্দেশ দিয়েছিল যশোর ফ্লাইট হাইজ্যাক করে কলকতার নেতাজী সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে নিয়ে যাওয়ার জন্যে। এর অন্যথা হলে তাকে ঢাকা বিমানবন্দরে নামামাত্র গুলি করে মেরে ফেলা হবে।
ওসি হানিফ জানান, মুকুলের জোর অনুরোধে তার ‘জীবন রক্ষায়’ সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মীরা পুলিশে সোপর্দ করলে পুলিশ তাকে গ্রেফতার করে। তার হাতব্যাগ ও দেহ তল্লাশী করে কোনও অস্ত্র-শস্ত্র পাওয়া যায়নি।
বিমান ও পুলিশ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মুকুল জানিয়েছে, তার বাবা শাহাদাত আলী গাজী। তার বাড়ি যশোরের মনিরামপুরের নেহালী গ্রামে। কিছুদিন আগে ঢাকার কুড়িল বাড্ডায় ‘এলিট ফোর্স’ নামের একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় সে দুহাজার ৪০০ টাকায় পিয়নের চাকরি নেয়। কিন্তু এক তুচ্ছ ঘটনায় এর কর্তৃপক্ষ তাকে মারপিট করলে সে চাকরি ছেড়ে দিয়ে যশোর ফিরে যায়।
মুকুলের ভাষ্যমতে, ওই ঘটনার প্রতিশোধ নিতে সে এলিট ফোর্সের প্রতিপক্ষ একটি সন্ত্রাসী ও প্রতারক চক্রের সহায়তায় এলিট ফোর্সের মালিকের বিরুদ্ধে মিথ্যে মামলা করে। কিছুদিন মামলা চলার পর প্রমাণিত হয়, এটি একটি ভুয়া মামলা।
সে আরও দাবি করেছে, ওই একই চক্র এলিট ফোর্সকে ফাঁসাতে তাকে এবার যশোর ফ্লাইট হাইজ্যাক-এর এর জন্যে চাপ দেয়। অন্যথায় তাকে তারা মেলে ফেলার জন্যেও নাকি সব ধরণের প্রস্তুতি নিয়ে রেখেছে।
ওসি হানিফ জানান, গ্রেফতারকৃত মুকুলের ভাষ্য কতটা সত্য, তা আরও খতিয়ে দেখা হবে। সে এরই মধ্যে পুলিশকে একটি লিখিত জবানবন্দিও দিয়েছে।
তিনি জানান, মুকুলের সহযোগীদের সম্পর্কেও বিস্তারিত খোঁজ খবর নেওয়া হচ্ছে।
