নির্বাচন অনুষ্ঠানে ব্যারিস্টার রোকন চান নির্দলীয় রাষ্ট্রপতি ও সবার কাছে গ্রহণযোগ্য তত্ত্বাবধায়ক সরকার প্রধান
ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ঐকমত্যের ভিত্তিতে একজন নির্দলীয় রাষ্ট্রপতি ও সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগে একটি নতুন ধারণার কথা বলেছেন।
বার্তা সংস্থা বিডিনিউজের সাথে একান্ত সাক্ষাতকারে তিনি বলেন, একই সময়ে একজন দলীয় রাষ্ট্রপতি এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার একটি দ্বৈত সরকার পদ্ধতি... এ অবস্থায় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হতে পারে না।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের সময়ই দল নির্বাচিত রাষ্ট্রপতির পদত্যাগ করা উচিত।
তিনি আরও বলেন, একটি দলীয় সরকারের রাজনৈতিকভাবে নিয়োগ করা রাষ্ট্রপতি নির্বাচনের সময় নিরপেক্ষভাবে কাজ করতে পারেন না।
বাংলাদেশ বার কাউন্সিলের সহ-সভাপতি ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি বলেন, রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত রাষ্ট্রপতি যদি তত্ত্বাবধায়ক সরকারের সময়ও দায়িত্ব পালন করেন তাহলে তিনি দলের প্রতি অনুগত থাকতে পারেন। কারণ দলই তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিয়েছিল।
১৯৯৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস কর্তৃক সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বরখাস্তের কথা উলে¬খ করে তিনি বলেন, ওই সময়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বিচারপতি হাবিবুর রহমানের কাছ থেকে রাষ্ট্রপতি কোনও পরামর্শ গ্রহণ করেননি।
ব্যারিস্টার রোকন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্দলীয় রাষ্ট্রপতি ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগে তার এই তত্ত্ব বাস্তবায়নে একটি রূপরেখাও দেন।
তিনি বলেন, এ জন্য বিদায়ী রাষ্ট্রপতির বিদায়ের আগে সকলের কাছে গ্রহণযোগ্য একজনকে বেছে নেওয়ার জন্য সংবিধান সংশোধন করে একটি বিধান রাখতে হবে।
তিনি বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার প্রধানের নিয়োগের ১৫ দিনের মধ্যে অন্য সকল উপদেষ্টা নিয়োগের বিধান রয়েছে। এই সময়ের মধ্যে একজন নির্দলীয় রাষ্ট্রপতিকে নিয়োগ করা যেতে পারে বলে তিনি উলে¬খ করেন।
তত্ত্বাবধায়ক সরকার প্রধান নিয়োগের ব্যাপারে তিনি আরেকটি সংশোধনীর পরামর্শ দেন যাতে সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জাতির জন্য অবদান রেখেছেন এমন ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করা যায়।
তিনি বলেন, নির্দলীয় রাষ্ট্রপতি এবং ঐকমত্যের প্রধান উপদেষ্টা নিয়োগের ওপর তার ধারণা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্যের প্রয়োজন।
তিনি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বেশ কয়েকটি সংস্কারের পরামর্শ দিয়ে বলেন, শুধু নির্বাচন কমিশনকেই স্বাধীন হলে চলবে না, প্রধান নির্বাচন কমিশনারকেও আরও ক্ষমতা দিতে হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে কমিশনের অধীনে আনতে হবে। প্রধানমন্ত্রীর দপ্তর চাইলে নির্বাচন কমিশনকে অকার্যকর করে তুলতে পারে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগের আগে সরকারের উচিত ছিল বিরোধী দলের সাথে আলোচনা করা।
