২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাইওয়ে পেট্রোল সিষ্টেম জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার: নাজমুল হুদা

যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, মহাসড়কে যানবাহন চলাচলে শৃংখলা প্রতিষ্ঠা, সড়ক দুর্ঘটনা হ্রাস এবং ডাকাতি ও রাহাজানি বন্ধ করতে হাইওয়েগুলোতে পেট্রোল সিষ্টেম জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2005, 06:54 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রোববার বাংলাদেশ হাইওয়ে পেট্রোল সিষ্টেম প্রচলন সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে সভাপতিত্ব কালে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সড়ক ও মহাসড়কে শৃংখলার সাথে যানবাহন চলাচল না করায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। তিনি বলেন, পুলিশ যথাযথভাবে আইন প্রয়োগ না করায় সড়ক গুলোতে শৃংখলা প্রতিষ্ঠিত হচ্ছে না।

এ ছাড়া ভুয়া ড্রাইভিং লাইসেন্সের কারনে এবং সড়ক, মহাসড়ককে বেপরোয়াভাবে যানবাহন চালানোর জন্য সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

দুর্ঘটনা রোধ করতে যথাযথ কর্তৃপক্ষকে আইন প্রয়োগে সচেষ্ট হওয়ার নির্দেশ দেন তিনি।

বৈঠকে পুলিশ, স্থানীয় প্রশাসন, বিআরটিএ, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য সেবা সংস্থার সমন্বয়ে বাংলাদেশ হাইওয়ে পেট্রোল সিষ্টেম গঠনের প্রস্তাব করা হয়।

বৈঠকে জানানো হয়, দেশে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় ১২ হাজার মানুষ প্রাণ হারায় এবং দুর্ঘটনার কারনে ক্ষতির পরিমান ৩৮ বিলিয়ন মার্কিন ডলার যা মোট জিডিপির শতকরা এক দশমিক ছয় ভাগ।

বৈঠকে অন্যান্যদের মধ্যে যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ, যোগাযোগ সচিব মো. শফিকুল ইসলাম, সড়ক ও জনপদের প্রধান প্রকৌশলী, বিআরটিএ’র চেয়ারম্যানসহ পুলিশের প্রতিনিধি ও সংশ্লিস্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।