বীজ উন্নয়নে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইস্ট ওয়েস্ট সীড’র মধ্যে সমঝোতা স্মারক
বীজ গবেষণা বিষয়ে পারস্পরিক সহযোগিতার জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন এবং ইস্ট ওয়েস্ট সীড বাংলাদেশ লিমিটেড রোববার এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর করেছে।
ইস্ট ওয়েস্ট সীড বাংলাদেশ লিমিটেড দেশের একমাত্র গবেষণা ভিত্তিক বীজ উৎপাদক ও বাজারজাতকারী বেসরকারী প্রতিষ্ঠান।
এই চুক্তির ফলে প্রতিষ্ঠান দু’টি কারিগরি জ্ঞান ও দক্ষতা, বীজ ও ফসলের মান উন্নয়ন কৌশল, আধুনিক প্রজনন প্রযুক্তি, তাপ ও লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন ইত্যাদি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বিনিময় করবে। এছাড়া উভয় প্রতিষ্ঠান বীজ গবেষণা ও কারিগরি ক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নে অংশ নেবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান এবং ইস্ট ওয়েস্ট সীড বাংলাদেশ লিমিটেডের পক্ষে পরিচালক তাবিথ এম আউয়াল চুক্তিতে স্বাক্ষর করেন।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মাহবুবুর রহমান বিডিনিউজকে বলেন, এ চুক্তির মাধ্যমে গবেষণা কাজে মেধাসম্পদের যথাযথ ব্যবহার এবং এর ফলে দেশের কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধন সম্ভব হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক, সাংসদ আবু হেনা, এফবিসিসিআই সভাপতি আব্দুল আউয়াল মিন্টু এবং ইস্ট ওয়েস্ট সীড বাংলাদেশ লিমিটেড’র উপ-পরিচালক মাহবুব আনাম উপস্থিত ছিলেন।
