রাজবাড়ীতে অপহৃত ছাত্রদল নেতার দ্বিখণ্ডিত লাশ উদ্ধার
অপহরণের ২০ দিন পর অবশেষে শনিবার রাতে পুলিশ রাজবাড়ী পৌর ছাত্র দলের যুগ্ম সম্পাদক রাজু আলম মনি’র দ্বি-খণ্ডিত লাশ উদ্ধার করেছে।
শনিবার রাতে শহরের ধুঞ্চিগ্রামের একটি নির্মাণাধীন বাড়ির মেঝে খুঁড়ে বালির নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গত ৮ মে কয়েক বন্ধু তাকে পরিত্যক্ত ওই বাড়িতে ডেকে নিয়ে গিয়ে নৃশংসভাবে জবাই করে হত্যা করে।
শনিবার রাতে লাশ উদ্ধারের পর বিক্ষুদ্ধ যুবকরা এই হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে। এসময় তারা কয়েকটি বাড়ি ভাংচুর করে এবং আক্কাস কসাই নামের জনৈক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন আয়ত্বে আনে। এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
একটি মোবাইলের সিমকার্ড হারানোকে কেন্দ্র করে প্রাথমিকভাবে এই হত্যাকাণ্ডের সূত্রপাত হয় বলে অপহৃতের পারিবারিক সূত্র জানালেও পুলিশ এখনও হত্যাকাণ্ড সম্পর্কে কিছু জানাতে পারে নি।
মনি’র অপহরণের পর তার পিতা মো. শাহজাহান ২৭ মে ১১ জনকে আসামী করে রাজবাড়ী থানায় একটি অপহরণ মামলা করলে পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে ছোট মিলন ও মাস্টার লিটন নামে দু জনকে গ্রেপ্তার করে। তাদের দেওয়া তথ্য অনুসারে পুলিশ শনিবার রাতে শহরের ধুঞ্চিগ্রামের আব্দুল হালিম শেখের নির্মাণাধীন বাড়ির একটি কক্ষের মেঝে খুঁড়ে তার লাশের সন্ধান পায়।
জানা যায়, পরিত্যক্ত ওই বাড়িটি রাজবাড়ী সোনালী ব্যাংকের চতুর্থ শ্রেনীর কর্মচারী আব্দুল হালিমের। বেশ কিছুদিন আগে বসবাসের জন্য ওই জায়গাটি কিনে ঘর নির্মাণের কাজ শুরু করে। ঘটনা ঘটার সময় বাড়িটি ছিল পরিত্যক্ত। পুলিশের কাছে সে জানিয়েছে, বাড়িটি বেদখল হয়ে যাচ্ছে এই খবর পেয়ে সে পুনরায় বাড়ি মেরামতের কাজ শুরু করে। তবে মনি’র লাশ সেখানে পুতে রাখা হয়েছিল তা আব্দুল হালিম জানতো না।
অন্যদিকে ছাত্রদল নেতারা এই ঘটনার জন্য ছাত্রলীগ ও যুবলীগকে দায়ি করেছে। আবার ছাত্রলীগ ও যুবলীগ নেতারা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত মনি’র লাশ ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে রাখা ছিল।
