ঢাবির চারুকলায় ভিসি-প্রক্টর ঘেরাও, প্রতিবাদকারীদের ওপর ছাত্রদল ক্যাডারদের হামলা
রাজধানীর শাহবাগে সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শাম্মী আক্তারের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রোববার সকালে চারুকলা ইনস্টিটিউটে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রক্টর ও চারুকলার পরিচালককে অবরুদ্ধ করে রাখে।
এ সময় ছাত্রদলের একদল ক্যাডার ঘটনাস্থলে গিয়ে লাঠিসোটা নিয়ে প্রতিবাদকারীদের ওপর হামলা চালায়। ৩০-৩৫ জনের এ হামলাকারী ক্যাডারদের নেতৃত্ব দেন ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন এবং সাধারন সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তারা প্রতিবাদকারী শিক্ষার্থীদের ব্যাপক মারধোর করে ভিসি ও প্রক্টরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।
ক্যাম্পাস সূত্র জানায়, শনিবার চারুকলা ইনস্টিটিউটে পুলিশ ঢুকে ছাত্রছাত্রীদের মারপিট করার ঘটনা নিয়ে বৈঠক করতে রোববার সকালে ভিসি ও প্রক্টর চারুকলার পরিচালকের কার্যালয়ে যান। তারা সেখানে পৌঁছেই প্রতিবাদরত শিক্ষার্থীদের কবলে পড়েন। এ সময় প্রতিবাদকারীরা শিক্ষার্থীরা ভিসি ও প্রক্টরকে দীর্ঘ সময় অবরোধ করে রাখে।
এ খবরটি দ্রুত ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। ভিসি এসএমএ ফায়েজ’র মোবাইল ফোন থেকে কল পেয়েই ছাত্রদলের নেতারা ক্যাডারদের নিয়ে সেখানে যায় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী জানায়, বেলা দেড়টার দিকে ছাত্রদলের ক্যাডাররা চারুকলার দোতলায় প্রায় আড়াইশ’ প্রতিবাদী ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয়। হামলাকারীরা লাঠিপেটা ও মারপিট করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় তারা বিক্ষুব্ধ ছাত্রীদের লাঞ্চিত করে এবং চড়- থাপ্পড় মারে। ক্যাডারদের এ অতর্কিত হামলায় প্রতিবাদকারী বিক্ষুব্ধ ছাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় হত-বিহ্বল ছাত্রীরা কিংকর্তব্যবিমূঢ় হয়ে দিগি¦দিক ছুটতে থাকে। এক পর্যায়ে তারা ছত্রভঙ্গ হয়ে বিক্ষিপ্তভাবে ছাত্রী মিলনায়তনে আশ্রয় নেয়।
তবে সেখানেও তারা হামলা আতংকে অবস্থান করে। ঘটনার পর থেকে চারুকলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে আতংক বিরাজ করছে। তাদের আশংকা, যে কোনো মুহূর্তে তারা আবারও হামলার শিকার হতে পারে।
বেলা পৌনে ২টার দিকে ক্যাডাররা প্রতিবাদকারীদের রোষানল থেকে ক্যাডাররা ভিসি, প্রক্টর ও চারুকলার পরিচালককে উদ্ধার করে অন্যত্র নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদল ক্যাডারদের এ অতর্কিত হামলায় ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি জনার্দন দত্ত, সাবেক সাধারণ সম্পাদক আবু রায়হান, আকরাম খান, আসাদুজ্জাামান, অতনু শর্মা, মেহেদী বানু মিতা, মলয় দে, শেখ রফিক, গোলাম কিবরিয়া শাহীন, শেখ রফিক, শুভ সাহাসহ আরও ৩০-৩৫ জন ছাত্র আহত হয়।
রায়হানের অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। ছাত্রদল ক্যাডারদের হামলায় এ সময় বেশ কয়েকজন সাংবাদিকও আহত হন।
ছাত্রদলের এ হামলাকে চারুকলার একজন শিক্ষক স্যাবোটাজ বলে উল্লেখ করেন। তিনি ক্ষোভের সাথে বলেন, আমরা এর একটা সুন্দর সমাধান চেয়েছিলাম। কিন্তু ভিসিকে ডেকে এনে আটকে রাখার ঘটনা সে চেষ্টাকে ব্যাহত করেছে।
এদিকে চারুকলায় ভিসি ও প্রক্টরের উপস্থিতিতে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের ক্যাডারদের নগ্ন হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তাৎক্ষনিকভাবে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশ থেকে অবিলম্বে দোষীদের গ্রেফতার, শাস্তি এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানানো হয়।
অপরদিকে, ঘটনার ব্যাপারে পরবর্তী কর্মপন্থা নির্ধারন করতে চারুকলার একাডেমীক কাউন্সিল এক জরুরি বৈঠকে বসেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এর আগে রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শত শত ছাত্রছাত্রী কালো ব্যাজ পরে এবং কালো পতাকা নিয়ে ক্যাম্পাসে প্রতিবাদ সমাবেশ করে।
বিরোধী রাজনৈতিক দলগুলোর সহযোগী ছাত্র সংগঠনগুলোর মিছিলে অনেক সাধারণ ছাত্রছাত্রী যোগ দেয়। ছাত্রী হলগুলো পৃথকভাবে প্রতিবাদ সমাবেশ করে।
এসব প্রতিবাদ সমাবেশে যোগদানকারী ছাত্র-ছাত্রীরা ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে।
ছাত্রদলের নেতাকর্মীরাও ঘটনায় জড়িত প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে।
প্রতিবাদ সমাবেশের কারণে ক্লাসে ছাত্র-ছাত্রীর উপস্থিতির সংখ্যা ছিলো খুবই কম। ফলে নির্ধারিত অনেক ক্লাস হয়নি।
চারুকলায় ছাত্রছাত্রী ও শিক্ষকদের ওপর পুলিশী হামলার প্রতিবাদে ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে।
