কিশোরগঞ্জে অগ্নিনির্বাপন ব্যবস্থা: ২৬ লাখ লোকের জন্য মাত্র ৩টি ফায়ার স্টেশন
প্রায় ২৬ লাখ জন অধ্যুষিত ও ১৩টি উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ জেলায় মাত্র ৩টি ফায়ার ষ্টেশন, ফলে অগ্নিনির্বাপন করতে গিয়ে বিবিধ সমস্যায় পড়তে হচ্ছে তাদের। আগুনে পুড়ে জনসম্পদের ব্যাপক ক্ষতি হওয়া সত্ত্বেও প্রয়োজনীয় অগ্নিনির্বাপন ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছে না।
সূত্র জানায়, জেলার ১৩টি উপজেলার মধ্যে জেলা সদর, ভৈরব ও বাজিতপুর উপজেলায় ফায়ার ষ্টেশন রয়েছে। জেলার প্রত্যন্ত অঞ্চলসহ সর্বত্র ৩টি ফায়ার ষ্টেশনের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অগ্নিনির্বাপন কঠিন হয়ে উঠেছে। অনেক সময় অগ্নিকান্ডের খবর পেয়ে দূরবর্তী দুর্ঘটনা স্থলে ফায়ার সার্ভিস পৌঁছার পূর্বেই পুড়ে সব নি:শেষ হয়ে যাচ্ছে।
অন্যদিকে, ঠিক মুহুর্তে পৌঁছাতে না পারার কারণে ফায়ার সার্ভিস দলকেই জনরোষে পড়ে নাজেহাল হতে হয়। এসব কারণে কিশোরগঞ্জ জেলায় প্রায় প্রতি বছর কোটি কোটি টাকার সম্পদ পুড়ে নষ্ট হচ্ছে।
কিশোরগঞ্জ জেলা সদর ফায়ার ষ্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিডিনিউজকে জানান, গত বছর এ জেলায় মোট ৪৭টি দুর্ঘটনা ও অগ্নিকান্ডে তাদের কাজ করতে হয়েছে। এসব অগ্নিকান্ডে প্রায় ৩ কোটি টাকার সম্পদ ভস্মিভূত হয়েছে। যদিও বেসরকারি হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ১০ কোটি টাকা। অনেক সময় অগ্নিকান্ডের খবর দূরবর্তী স্থান থেকে ফায়ার ষ্টেশন পর্যন্ত পৌঁছায় না। ফলে ওইসব ঘটনায় ক্ষয়ক্ষতি হিসাবের বাইরেই থেকে যায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গ্রীষ্মকালীন সময়ে অগ্নিকান্ডের ভয়াবহতা বেড়ে যায়। তাছাড়া সর্বত্র পানির উৎস কমে যাওয়ায় ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নেভাতে মারাত্মক সমস্যায় পড়তে হয়।
সূত্র আরও জানায়, জেলার হাওরের ৪টি উপজেলায় অগ্নিনির্বাপনের কোনও ব্যবস্থা নেই। এগুলি হচ্ছে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম ও নিকলী। যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ার কারণে এসব অঞ্চলে জেলা সদর বা অন্য কোনও স্থান হতে অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিস কর্মীরা তাদেরকে সাহায্য করতে পারছে না। একারণে হাওরবাসী হাওরে বিকল্প ব্যবস্থা হিসাবে জলযাননির্ভর ফায়ার ষ্টেশন স্থাপনের দাবি জানিয়েছে।
