সড়ক দুর্ঘটনায় ঢাবি ছাত্রী নিহত হওয়ায় বিক্ষুব্ধ প্রতিবাদ
রাজধানীর শাহবাগ মোড়ে শনিবার সকালে দ্রুতগামী বাসের চাকায় চাপা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে, নিক্ষেপ করে টিয়ার শেল ও রাবার বুলেট।
পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষে একশ’ জনেরও বেশি শিক্ষার্থী, তিনজন সাংবাদিক এবং ১১ জন পুলিশ সদস্য আহত হয়। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সংঘর্ষ অব্যাহত ছিল।
এ সময় বিক্ষুব্ধ জনতা গাড়িটি আটক করে এতে আগুন ধরিয়ে দেয়। এছাড়াও শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আরও কমপক্ষে ছয়টি যানবাহন ভাংচুর করা হয়।
সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রীটির নাম শাম্মী আকতার হ্যাপী। শাম্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষ এবং রোকেয়া হলের আবাসিক ছাত্রী।
তার বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ইসলামবাগ গ্রামে। সে চিনি কলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হকের মেয়ে।
শাহবাগ মোড়ে সকালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাসের চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। এসময় তার দু’জন আত্মীয় ও একজন মটরসাইকেল চালক আহত হয়।
প্রত্যক্ষ্যদর্শীরা বলেন, বাসটি ট্রাফিক সিগন্যাল অমান্য করে পথচারীদের ধাক্কা দেয়।
আহত অন্যরা হলো- অমিত মল্লিক (২৬), ফলিত পদার্থ বিজ্ঞান বিভাগের ২য় বর্ষের ছাত্র রেজাউল হক রঞ্জু (২৫), মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের ছাত্র সুমন (৩০), নাসরিন (২৮) ও হ্যাপী (২৮)। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ঘটনার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষের সয় পুলিশ প্রায় একশ’ রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা শাহবাগের দিকে যেতে চাইলে পুলিশ নির্বিচারে তাদের ওপর লাঠিচার্জ করে।
পুলিশের সাথে সংঘর্ষে আহতরা হল- তপন, রেজা সুমন, রিফাত, সীমা, রাগবির হাসান, ইমরান, শুভ, তায়েব, শরিফ, পিনারু, প্রশান্ত, সাগর, ইমাম, শাওন, হাসনাত, সঞ্জীব, তারানা হালিম, রুবিনা খানম মিষ্টি, জিয়াদ, রাজীব, আকাশসহ অনেকে। তাদের নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা আহত হয়।
আমারদেশ পত্রিকার ফটোসাংবাদিক অপু, ভোরের কাগজের রাজাসহ কমপক্ষে তিনজন সাংবাদিক আহত হয়েছে।
শাম্মীর মৃত্যুর খবর ক্যাম্পাসে পৌঁছালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সাথে জনতাও যোগ দেয়। এ সময় তারা বেশ কিছু যানবাহন ভাংচুর করে।
পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে সংঘর্ষ বেধে যায়। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। তারা পুলিশ কন্ট্রোল রুমে আগুন ধরিয়ে দেয় এবং প্রক্টর অফিস ভাংচুর করে।
শাহবাগ মোড় থেকে শুরু করে সংঘর্ষ গোটা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। পুলিশ চারুকলা ইনস্টিটিউটে ঢুকে ছাত্রছাত্রীদের ওপর চড়াও হয়। এ সময় চারুকলার শিক্ষক শিশির ভট্টাচার্য পুলিশকে নিবৃত্ত করার চেষ্টা করলে পুলিশ তার সাথে খারাপ আচরণ করে।
প্রায় চার ঘন্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে সংঘর্ষ শেষ হয়। শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী পুলিশের বিচার না হলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলে তারা ঘোষণা দিয়েছে। ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
এদিকে, বাংলাদেশ ছাত্রলীগ, ছাত্রইউনিয়ন এবং ছাত্র ফ্রন্টসহ বেশ কয়েকটি ছাত্র সংগঠন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে না পারার কারণে অবিলম্বে প্রক্টরের পদত্যাগ দাবি করেছে।
সাংবাদিকদের সাথে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এসএমএ ফায়েজ বলেন, তিনি পুলিশ কমিশনারের সাথে কথা বলেছেন যাতে পুলিশ শিক্ষার্থীদের বিক্ষোভের সময় শান্ত থাকে। তিনি জানান, তিনি এখনও জানেন না পুলিশ চারুকলার ভেতরে গিয়ে শিক্ষার্থীদের মেরেছে কিনা।
তিনি কেন ঘটনাস্থলে যাননি, এ প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতাল মর্গে থাকা আমার জন্যে গুরুত্বপূর্ণ ছিল। অবশ্য আমি সবসময় পুলিশের সাথে যোগাযোগ রেখেছি।
পুলিশের এডিসি শাহরিয়ার রশিদ সাংবাদিকদের আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন।
জুনের ১ তারিখের মনোবিজ্ঞান তৃতীয় বর্ষের পরীক্ষা বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চারুকলার শিক্ষার্থীরাও রোববার থেকে ক্লাস ও পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করবে।
গত ১০ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কমপক্ষে ১০ জন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
