জাল ভিসা নিয়ে বাংলাদেশে প্রবেশের পথে ভারতীয় চিত্র পরিচালক আটক
জাল ভিসা নিয়ে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় স্ত্রীসহ ধরা পড়লেন ভারতীয় চিত্র পরিচালক সুখবিন্দর সিং (৩৮)। পুলিশ একই সঙ্গে তার দুজন বন্ধুকেও আটক করে।
পশ্চিমবঙ্গের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল অব পুলিশ চয়ন মুখোপাধ্যায় বিডিনিউজকে জানান, জাল ভিসার কারণে শুক্রবার ওই পাঞ্জাবী চিত্র পরিচালককে আটক করা হয়। আটককৃতর পাসপোর্ট খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, এরআগেও সুখবিন্দর বাংলাদেশ, কানাডা ও আমেরিকাসহ বেশ কয়েকটি দেশে গিয়েছেন। সে ক্ষেত্রেও তার ভিসা জাল ছিলো কি না তা খতিয়ে দেখার পাশাপাশি পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে বিষয়টি কলকাতায় বাংলাদেশের উপ রাষ্ট্রদূতের অফিসে জানানো হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুখবিন্দর পুলিশকে বলেছে, কলকাতার পার্ক সার্কাসে বাংলাদেশের উপরাষ্ট্রদূতের অফিসের সামনে একজন দালাল তাকে টাকার বিনিময়ে ভিসা পাইয়ে দেয়। বেড়ানোর উদ্দেশে স্ত্রী ও বন্ধুদের নিয়ে বাংলাদেশ যাচ্ছিলো।
পুলিশ অবশ্য তার একথা বিশ্বাস না করে ওই ভ্রমণের উদ্দেশ খতিয়ে দেখছে।
সুখবিন্দর ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত একজন চিত্র পরিচালক। তথ্যচিত্র পরিচালনাসহ চলচ্চিত্রের অন্যান্য মাধ্যমেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে।
