সড়ক দুর্ঘটনায় নিহত ঢাবি ছাত্রী শাম্মী মৃত্যুর আধ ঘন্টা আগেও পঞ্চগড়ে বাবার সাথে ফোনে কথা বলেছে
শাহবাগে বাস চাপা পড়ে শনিবার নিহত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী শাম্মীদের বাড়ি পঞ্চগড়ের ইসলামবাগে তার মৃত্যু সংবাদ পৌঁছানোর পর থেকেই চলছে শোকের মাতম।
তিন ভাই-বোনের মধ্যে সবচেয়ে ছোট শাম্মী আখতারের ক্লিনিক্যাল সাইকোলোজি নিয়ে এমবিবিএস করা হলোনা। আধ ঘন্টা আগেও যার সঙ্গে মোবাইল ফোনে আলাপ হল, আধ ঘন্টা পরেই সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু সংবাদ পিতার কাছে অবিশ্বাসের।
আত্মীয়- অনাত্মীয়, গ্রামবাসী, ছোট-বড় নির্বিশেষে সবার কাছে সমান প্রিয় শাম্মী যেন সবার সুখ কেড়ে নিয়ে চলে গিয়েছে।
শাম্মীর বাবা পঞ্চগড় সুগার মিলের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক এখন থেমে থেমে বিলাপ বকছেন। মেয়ের ছবি বুকে নিয়ে কাকুতি-মিনতি করে স্রষ্টাকে অনুযোগ করছেন ‘হায়রে নিয়তি এই আমার কপাল, কেন মেয়ের আগে আমাকে নিয়ে গেলেনা।’
২০০০ সালে পঞ্চগড় সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় রাজশাহী বোর্ডে মেয়েদের মধ্যে দশম স্থান অধিকারী মেধাবী ছাত্রী শাম্মী পরিবারের কাছে এতটাই বিশ্বস্ত, তার ওপরই নির্ভর করতো পরিবারের অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। নিহত শাম্মীর মা আলেয়া বেগমও বারবার আছড়ে পড়ছেন শাম্মীর জামা-কাপড় আর ব্যবহৃত জিনিসপত্রের ওপর।
১ জুন ছিলো তার তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা। মেয়েকে প্রত্যাশামত পড়ানোর জন্যে ব্যাংকে শাম্মীর নামে তার বাবা দেড় লক্ষ টাকা জমা রেখেছিলেন। খরচের জন্যে শনিবার তার বাবা টিটি করে তার নামে ১৩ হাজার টাকা পাঠিয়েছেন। এ বিষয়ে মৃত্যুর আধ ঘন্টা আগেও পিতা ও কন্যার ফোনালাপ হয়েছিল। আধ ঘন্টা পরেই তার করুণ মৃত্যু শুধু
শাম্মীর পরিবারই নয় পরিচিত সকলকেই কাঁদিয়েছে।
