২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাবা পরীক্ষার পরেই আমি বাড়ি আসছি’... শাম্মীর শেষ কথা

‘বাবা আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে ১ জুন। পরীক্ষার পরে আমি বাড়ি আসছি’-বাসচাপায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী শাম্মী আখতারের এই ছিলো শেষ কথা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জান্নাতুল ফেরদাউস, বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2005, 06:11 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

শনিবার সকালে শাহবাগ মোড়ে এক দোকান থেকে মোবাইল টেলিফোনে পঞ্চগড়ে বাবার সাথে কথা বলে শাম্মী রিকশা ধরে ফিরে যেতে চেয়েছিলো প্রিয় ক্যাম্পাসে। ঠিক তখনই বেপরোয়া বাস চাকায় পিষে মেরে ফেলে তৃতীয় বর্ষের ছাত্রী শাম্মীকে।

অবসরপ্রাপ্ত বাবা মাজহারুল হক এখন যে শাম্মীর অপেক্ষায় সে আর কখনোই বাবা বলে ডাকবেনা তাকে।

টেলিফোন আলাপের কথা জানিয়ে বড় বোন শারমিন আখতার মালা বিডিনিউজকে বলেন, তিন ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলো শাম্মী। আদরের এই বোনকে ঘিরেই ছিলো ভাই -বোনের সব স্বপ্ন। মালা বাবাকে কথা দিয়েছিলেন নিজের ভাইভা পরীক্ষা শেষে শাম্মীকে পঞ্চগড়ের বাড়ি নিয়ে যাবেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে মালার করুণ বিলাপ সবাইকে অশ্রুসিক্ত করে। ‘বাবাকে আমি কী বলবো, বাবার কলিজার টুকরো ছিল শাম্মী। আমি ওকে ছাড়া কি ভাবে বাড়ি ফিরবো, বাবার সামনে দাঁড়াবো’.....।

মালা আহাজারি করে বলেন, ‘শাম্মীর কপালে একটা বড় কালো তিল ছিলো বলে সবাই তাকে ভাগ্যবতী বলতো। কিন্তু এ তার কেমন ভাগ্য!’....

শাম্মীর সহপাঠি ও রুমমেট লুবা অশ্রুসজল চোখে বিডিনিউজকে বলেন, সকালে ঘুম থেকে উঠে চিড়ে ভেজে তড়িঘড়ি করে নাস্তা সেরে নেয় শাম্মী। সকাল সাতটার দিকে শাম্মী রুম থেকে বেরিয়ে মিরপুরের এক হাসপাতালে যায় অসুস্থ ভাই আখতার হোসেন বকুলকে দেখতে।

এ যাওয়াই যে হবে তার শেষ যাওয়া হবে তা কল্পনাতেও আসেনি শাম্মীর ছোটবেলার বন্ধু লুবার। ঘুম থেকে উঠে লুবা দেখেন ব্যস্ত ভঙ্গিতে বেরিয়ে যাচ্ছে শাম্মী।

শাম্মীর আরেক রুমমেট সোমা বিডিনিউজকে বলেন, শাম্মী ছিলো চুপচাপ শান্ত প্রকৃতির মেয়ে। পড়ালেখাতেই ছিল তার সব আগ্রহ।

তিনি বলেন, আমার বিশ্বাসই হচ্ছে না যে চোখ খুলে আর কখনোই দেখবোনা শাম্মীকে!