তিন মাসের মধ্যে ডেসার সকল গ্রাহকের বাড়িতে মিটার কার্ড স্থাপনের কাজ শেষ হবে
ডেসার শতকরা ৪০ ভাগ গ্রাহকের বাড়িতে ইতোমধ্যে মিটার কার্ড স্থাপনের কাজ শেষ হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে সকল গ্রাহকের বাড়িতে এই কার্ড স্থাপনের কাজ শেষ হবে।
শনিবার বাংলাদেশ জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির ২৫ তম বৈঠকে বক্তারা এ কথা জানান।
বক্তারা বলেন, দেশে গড়ে প্রতি বছর আট শতাংশ হারে বিদ্যুতের চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ২০২০ সালের মধ্যে সবার কাছে বিদ্যুৎ পৌঁছানো এবং ভবিষ্যৎ বিদ্যুৎ চাহিদা নির্ভরযোগ্যতার সাথে সরবরাহের জন্যে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মাধ্যমে বিভিন্ন পর্যায়ে বিদ্যুৎ প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ চলছে। শনিবার এক তথ্য বিবরণীতে এ কথা জানা যায়।
বৈঠকে পিডিবি, ডেসা, আরইবি এবং ডেসকোর সিস্টেম লস কমানো ও বিতরণ ব্যবস্থার ক্ষমতা বৃদ্ধি, লোড শেডিং, বকেয়া আদায় ও অনাদায়ী বকেয়ার পরিমাণ, মিটার রিডিং ও বিলিং ব্যবস্থাসহ বিদ্যুতের সার্বিক লোড ম্যানেজমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে বিভিন্ন পরিস্থিতিতে উদ্ভুত সমস্যা সমাধানে বিদ্যুতের সকল সংস্থাগুলোকে পারস্পারিক সমন্বয়ের মাধ্যমে একই সিস্টেম অনুসরণ করা, বকেয়া আদায়কে ত্বরান্বিত করার লক্ষ্যে সুদ মওকুফ, মন্তণালয়ে একটি রিসার্চ সেল গঠনের মাধ্যমে বিদ্যুৎখাতের উন্নয়নের প্রচেষ্টা গ্রহণ এবং সারাদেশে বিদ্যুৎ সরবরাহের ব্যাপারে অধিকতর মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
কমিটির সভাপতি আবদুল আলীমের সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে কমিটির সদস্য হুইপ মো. রেজাউল বারী ডিনা, আলহাজ্ব সালাহ উদ্দিন আহমেদ, ডা. মো. রুস্তম আলী ফরাজী, আলমগীর মো. মাহাফুজ উল্লাহফরিদ, মো. ফারুক খান, ওয়াদুদ ভূঁইয়া, ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, বিদ্যুৎ মন্ত্রালয়ের আওতাধীন সংস্থাসমূহের চেয়ারম্যান এবং অডিটসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
