রংপুর, চট্টগ্রাম, বরিশাল ও টাঙ্গইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৭৬
চট্টগ্রাম, রংপুর, বরিশাল এবং টাঙ্গাইলে পৃথক পাঁচটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত এবং ৭৬ জন আহত হয়েছে।
টাঙ্গাইল ঢাকা মহাসড়কের বাসাইল উপজেলার গুল্লায় শুক্রবার বিকেল তিনটায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৬ জন।
পুলিশ জানায়, পাবনাগামী বাসের ( ঢাকা-মেট্রো-ব-১১-২৭১০) সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালক ইসমাইল শেখ (৩২) ও হেলপার রেজাইল করিম (৩০) ঘটনাস্থলে নিহত হয়।
আহতদের মধ্যে ১৬ জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
বিডিনিউজের রংপুর প্রতিনিধি জানান, রংপুর-ঢাকা মহাসড়কে পীরগঞ্জ উপজেলার আবরা ব্রিজের কাছে বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা থেকে ছেড়ে আসা কেয়া পরিবহনের ঠাকুরগাঁওগামী একটি নৈশ কোচ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই তিন জন মারা যায়। হাসপাতালে নেওয়ার পথে আরও এক জনের মৃত্যু ঘটে।
এ দুর্ঘটনায় আহত হয়েছে ২৫ জন। আহতদের পীরগঞ্জ ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সাত জনের অবস্থা আশংকাজনক বলে পুলিশ সুত্র জানায়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে, তার নাম নজরুল ইসলাম (২৯)। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এদিকে বিডিনিউজের বরিশাল প্রতিনিধি জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের দপদপিয়া ফেরীঘাট সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল ৮টায় গাড়ীর ধাক্কায় এক যুবক ঘটনাস্থলেই নিহত হয়। নিহত যুবক জুয়েল (২২) রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা কবলিত হয়।
এছাড়াও বরিশালের গৌরনদী উপজেলার কসবা নামক স্থানে শুক্রবার সকালে মাইক্রোবাস ও যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মাইক্রোবাস গৌরনদীর কসবা নামক স্থানে পৌছলে বরিশাল থেকে খুলনাগামী একটি যাত্র্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটলে ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী আক্কাসউদ্দিন (৩৫) নিহত হয়। আহতদের স্থানীয় হাসপাতাল ও শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম প্রতিনিধি জানান, জেলার সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শুক্রবার সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে।
সীতাকুণ্ড পুলিশ জানায়, সকাল নয়টায় মহাসড়কের পান্থশিলা এলাকায় চট্টগ্রাম থেকে কুমিল্লাগামী দোয়েল পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই বাস যাত্রী নিহত হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
