উত্তরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত এবং ধানমণ্ডিতে যুবক নিহত
রাজধানীর উত্তরা এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে শুক্রবার ভোরে এক ডাকাত এবং ধানমণ্ডিতে বন্ধুদের প্রহারে এক যুবক নিহত হয়েছে।
নিহত ডাকাত মো. আনিস (৩০) লালবাগ থানার নবাবগঞ্জ এলাকার আব্দুল খালেকের পুত্র।
বন্দুকযুদ্ধে আহত অপর দু’ডাকাত পালিয়ে গিয়েছে বলে পুলিশ জানায়।
পুলিশ সূত্র আরও জানায়, ভোর চারটায় উত্তরার ফায়েদাবাদ এলাকার সেনপুকুরের একটি বাড়িতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় ছয় সদস্যের একটি ডাকাত দলের চারজনকে পুলিশের সন্দেহ হয়। পুলিশ তাদের পিছু নেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চারজনের দলটি পুলিশকে লক্ষ করে বেশ ক’টি বোমা নিক্ষেপ করে। জবাবে পুলিশ পাল্টা গুলি চালালে আনিস ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ জানায়, ডাকাতরা ওই বাসা থেকে নগদ অর্থ ও প্রায় ৫০ হাজার টাকা মূল্যের জিনিসপত্র ডাকাতি করে। এ ব্যাপারে দু’টি মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, ধানমণ্ডি থানার ৪২/ক জিগাতলার জসিম নামের এক যুবক বন্ধুদের প্রহারে গুরুতর আহত হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
