জিয়াউর রহমানের ২৪তম শাহাদৎ বার্ষিকী সোমবার
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৪তম শাহাদৎ বার্ষিকী সোমবার সারা দেশে পালিত হবে।
১৯৮১ সালের ৩০ মে সেনাবাহিনীর একটি দল রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউজে হত্যা করে।
জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষ্যে বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
এ উপলক্ষ্যে বিএনপি কেন্দ্রীয়ভাবে দশ দিনের কর্মসূচি পালন করবে। এছাড়া বিভাগীয় পর্যায়ে তিন দিন এবং জেলা ও থানা পর্যায়ে দুই দিনের কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে, বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো জিয়া’র শাহাদৎ বার্ষিকীকে সামনে রেখে বিভিন্ন পোস্টার প্রকাশ করেছে।
২৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে মহানগর নাট্যমঞ্চে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর ২৯ মে বিকাল ৪টায় আলোচনা অনুষ্ঠিত হবে। বিএনপি’র চেয়ারপার্সন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ দলীয় নেতা এবং বিশিষ্ট ব্যক্তিরা আলোচনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। এ আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে থেকে দশ দিনব্যাপী কর্মসূচি শুরু হবে।
আগামী ৩০ মে সকালে সারা দেশে বিএনপি’র কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
এছাড়া কেন্দ্রীয়ভাবে পালিত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে, কেন্দ্রীয় কার্যালয়ে ও জিয়ার মাজারে কোরানখানি, মিলাদ মাহফিল, ফাতেহা পাঠ ও মোনাজাত।
সকাল ১০টায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবেন।
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ উপলক্ষ্যে ৩০ ও ৩১ মে রাজধানীর বিভিন্ন এলাকায় দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ করবেন। ওই দু দিন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারাও খাদ্য বিতরণ করবেন।
দলের অঙ্গ সংগঠনগুলো পৃথক পৃথকভাবে জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর ৩১ মে থেকে ৭ জুন পর্যন্ত আলোচনা সভার আয়োজন করবে।
দলের মহানগরী, জেলা, থানা কমিটিগুলো তাদের নিজ নিজ এলাকায় শহীদ জিয়ার কর্মময় জীবনের ওপর আলোচনা সভা, মিলাদ মাহফিল, কোরানখানি, বিশেষ মোনাজাত এবং অসহায় ও দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণের কর্মসূচি নিয়েছে।
দলীয় সূত্র জানায়, বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া ২৪তম মৃত্যুবার্ষিকীর কর্মসূচি সফল করে তোলার জন্য দলের সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
