জামালপুরে পাগলা কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু, আরও বহু লোক আক্রান্ত
জেলার মাদারগঞ্জ পৌর এলাকার জোনাইল মিয়াবাজার ও নয়াপাড়া গ্রামে পাগলা কুকুরের কামড়ে সৃষ্ট জলাতঙ্কে এ পর্যন্ত পাঁচ জন মারা গেছে এবং আরও অনেকেই আশংকাজনক অবস্থায় রয়েছে। বেশ কিছু গবাদি পশুও জলাতঙ্কে আক্রান্ত হয়েছে।
এলাকাবাসী জানায়, মিয়াবাজারের মাফুজ (১২), আরিফ (১২), রোজিনা বেগম (৩০) সহ পাঁচ জন জলাতঙ্ক রোগে মারা গেছে। ওই দুই গ্রামে পাগলা কুকুরের কামড়ে আরও অনেকেই জলাতঙ্কে ভুগছে। বেশ কিছু গবাদি পশুও আক্রান্ত হয়েছে।
জানা যায়, মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের উৎপাত হঠাৎ করে বেড়ে গেছে। পৌর কর্তৃপক্ষ বেওয়ারিশ কুকুর নিধনের কোনও ব্যবস্থা না নেয়ায় প্রতিটি এলাকায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা বেড়ে গেছে।
এদিকে, মাদারগঞ্জ পৌরসভায় কোনও ভ্যাকসিন না থাকায় দরিদ্র লোকজন উচ্চ মূল্যের ভ্যাকসিন কিনতে পারছে না ফলে কেউ কেউ গ্রাম্য চিকিৎসক ও কবিরাজের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছে।
