২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ধর্ষণ ও কুমিল্লায় হত্যা মামলার রায়ে ৮ জনের যাবজ্জীবন

ঝালকাঠি ও কুমিল্লায় পৃথক দুটি মামলার রায়ে বৃহস্পতিবার আদালত ৮ জনের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রদান করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 09:00 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

আমাদের ঝালকাঠি প্রতিনিধি জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজ ছাত্রীকে (২১) ধর্ষণের দায়ে ঝালকাঠিতে মহিবুর রহমান (৩০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় প্রদান করা হয়েছে। ঝালকাঠি নারী ও শিশু নির্যাতন দমন আদালত -২ এর বিচারক এস এম রেজানুর রহমান বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।

আমাদের কুমিল্লা প্রতিনিধি জানান, সুমন (২০) নামে এক এইচ.এস.এস পরীক্ষার্থীকে হত্যার দায়ে বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ ফজলার রহমান ৭ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডাদেশের রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হল- ফারুক (২৫), সমীর আলী (২২), তাজু মিয়া (২৪), আব্দুল হালিম (২৫), শাহনেওয়াজ, নিজাম (২০) ও জলিল মিয়া।

মামলার বিবরণে বলা হয়, অবৈধ লটারীর বিরুদ্ধে প্রতিবাদ এবং ইফতারীর দাওয়াত না খাওয়ায় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর রাতে দণ্ডপ্রাপ্তরা কুমিল্লার চাঁন্দপুর এলাকার গোলাম হোসেনের ছেলে গোলম রাব্বানী সুমনকে এলোপাতাড়ি মারধর করে। আহতাবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হলে ওই দিন রাতেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের মামা জহিরুল ইসলাম বাদি হয়ে ১১জনকে আসামী করে কোতয়ালী থানায় ১৮ডিসেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন।