কর্ণেল আকবর ও মামুন’র বিরোধ চরমে: লঞ্চ মালিকদের টার্মিনাল বয়কটে যাত্রীদের দুর্ভোগ
লঞ্চ মালিকদের ১৮ঘন্টাব্যাপী প্রতীকী ঢাকা ও নারায়নগঞ্জ টার্মিনাল বয়কটের কারণে বৃহস্পতিবার শত শত যাত্রীর দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃহস্পতিবার ভোর থেকেই যাত্রীদের লঞ্চ থেকে টার্মিনালে যেতে এবং টার্মিনাল থেকে লঞ্চে যেতে নৌকার সাহায্য নিতে হয়েছে।
গত ২৩ মে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ পরিবহন সমিতির (বিআইডব্লিউএ) চেয়ারম্যান সম্পর্কে নৌ পরিবহন মন্ত্রীর ‘অশোভন’ উক্তির প্রতিবাদে সংগঠনটি বৃহস্পতিবার ১৮ ঘন্টা প্রতিকী লঞ্চ ধর্মঘট পালন করে।
নৌ মন্ত্রী কর্ণেল (অব:) আকবর বৃহস্পতিবার তার করা উক্তিটি প্রত্যাহার করে নেওয়ার পাশাপাশি বিআইডব্লিউএ’র চেয়ারম্যান গিয়াসউদ্দিন আল মামুন’র সাথে ‘চাচা-ভাতিজা’ সম্পর্কের ইতি টেনেছেন। এ সময় তিনি বলেন, আমি বলেছিলাম মামুনের বাবাকেও আমি পরোয়া করিনা। মামুন আমার ভাতিজা। যেহেতু বিআইডব্লিউএ ওই উক্তিটি প্রত্যাহার করতে বলেছে আমি তাই করছি এবং সাথে সাথে মামুনের সাথে চাচা-ভাতিজা’র সম্পর্কেরও ইতি টানছি।
অন্যদিকে গিয়াস উদ্দিন আল মামুন মন্ত্রীর বক্তব্যে তেমন গুরুত্ব দেননি। তবে তিনি বলেন তিনি কখনই নৌ পরিবহন মন্ত্রীর ভাতিজা ছিলেন না।
বিডিনিউজ’র সাথে আলাপকালে মামুন বলেন, আমি মন্ত্রীর মন্তব্যকে অতটা গুরুত্ব দেইনি কারণ তিনি মাঝেমধ্যেই এ ধরণের ভিত্তিহীন মন্তব্য করেন। তিনি বলেন, মন্ত্রীর মন্তব্যের প্রেক্ষিতে বিআইডব্লিউএ’র অন্যান্য নেতৃবৃন্দ টার্মিনাল বয়কট কর্মসূচিকে অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
বিআইডব্লিউএ সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বদিউজ্জামান বাদলের সাথে যোগাযোগ করা হলে তিনি মন্ত্রীর বক্তব্যকে ‘অন্যায্য’ ও ‘অপ্রত্যাশিত’ বলে অভিহিত করেন। তিনি বলেন, মন্ত্রীর উক্তি সংক্রান্ত বিবৃতি সমস্যার সমাধান করবে না। বরং সংকট আরও প্রকট হবে, কেননা এর সাথে মন্ত্রীর ইগো সমস্যা জড়িত বলে তিনি মন্তব্য করেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ৩১ মে’র বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতীকী লঞ্চ ধর্মঘটের কারণে সকাল ৬টা থেকে সকল লঞ্চ পল্টুন ছেড়ে মাঝ নদীতে অবস্থান নেয়।
বন্দর বয়কট কর্মসূচি চলাকালে শত শত যাত্রী দুর্ভোগের শিকার হয়। তাদেরকে ঝুঁকি নিয়ে ও অতিরিক্ত অর্থ প্রদান করে নৌকায় চরে লঞ্চে উঠতে হয় বা টার্মিনালে পৌঁছাতে হয়।
টার্মিনাল বয়কট চলাকালে বুড়িগঙ্গায় যাত্রিসহ ছয়টি নৌকা ডুবে যায়। তবে নৌকাডুবির ঘটনায় কোনও প্রাণহানি ঘটেনি।
