২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির অবনতি

মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। মনু বন্যা নিয়ন্ত্রণ বাধের নতুন কয়েকটি ফাটল দিয়ে পানি ঢুকে বৃহস্পতিবার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 06:44 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

এদিকে বন্যাজনিত কারণে গত দু দিনে জেলার বিভিন্ন উপজেলায় ১০ জনের প্রাণহানি ঘটেছে।

নিহতদের মধ্যে মাইনুদ্দিন (২২), শামীমা বেগম (১১) এবং রহিমা বেগমের বন্যার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মরিয়ম বেগম (৪) ও চা বাগান শ্রমিক মালুয়াপাতি’র (৩০) সাপের কামড়ে মৃত্যু হয়েছে। এছাড়া বজ্রপাতে বাদউল্লা (৪০) সহ দু জনের মৃত্যু হয়েছে।

ব্যাপক বৃষ্টিপাত ও সীমান্ত দিয়ে পানি আসার কারণে নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে সাতটি উপজেলার কয়েকশ’ গ্রামের দুই লাখ মানুষ দুর্বিসহ জীবনযাপন করছে।

সবচে’ ক্ষতিগ্রস্ত উপজেলা হলো -কমলগঞ্জ, রাজনগর ও কুলাউড়া।

কমলগঞ্জের ঢালাই বাধে বেশ কয়েকটি ফাটল দেখা দিয়েছে। ওই ফাটলগুলো দিয়ে বন্যার পানি ঢুকতে শুরু করেছে।

স্থানীয়দের অভিযোগ, ত্রুটিপূর্ণ নির্মাণের জন্য বাধে ফাটলের সৃষ্টি হয়েছে।

বন্যা কবলিত এলাকাগুলোতে বিশুদ্ধ পানীয় জলের অভাব রয়েছে। এছাড়া ডায়রিয়া, পাতলা পায়ানাসহ পানিবাহিত বিভিন্ন রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে।

এদিকে বৃহস্পতিবার স্যাটেলাইট ছবির আলোকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে, আগামী ২৪-৪৮ ঘন্টার মধ্যে মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে। অন্যদিকে হবিগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্ক কেন্দ্র জানায়, সুরমা, কুশিয়ারা এবং ধলাই নদীর পানি বিভিন্ন পয়েন্টে বৃদ্ধি পেতে পারে। মনু ও খোয়াই নদীর পানি কিছু কিছু পয়েন্টে কমতে পারে। যদিও এ দুটি নদীর পানি এখনও দুটি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

মৌলভীবাজারে মনু নদীর পানি বিপদসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাল্লায় খোয়াই নদীর পানি বিপদসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

অন্যদিকে আরিচা ছাড়া ব্রহ্মপুত্র ও যমুনার সবকটি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে।

৮৬টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে ৩৪টি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে, ২৫টিতে হ্রাস পেয়েছে এবং পাঁচটি অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘন্টায় বেশ কয়েকটি স্থানের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের জারিয়াানাালিতে ৭৫ মিলিমিটার, দূর্গাপুরে ৪৭, নাকুয়াগাঁওয়ে ৪২ এবং শেরপুরে ৩৮ মিলিমিটার।