২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের জ্বালানী খাতে বিপুল ভর্তুকি, বেসরকারি এয়ারলাইন্স হুমকির মুখে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জ্বালানী খাতে বিপুল পরিমাণ ভর্তূকি দেওয়ার কারণে দেশের বেসরকারি এয়ালাইন্সগুলোকেও এই খাতে ভর্তুকি দিতে হচ্ছে। ফলে বেসরকারি এয়ারলাইন্সগুলোর ব্যবসা এখন হুমকির মুখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 05:01 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সংশ্লিষ্টরা বলছেন, জেট ফুয়েলের দাম বাড়লেও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীভাড়া বাড়াচ্ছে না বলে লোকসানী প্রতিষ্ঠান বিমানের লোকসানের পরিমাণ আরও বাড়বে। অন্যদিকে প্রতিযোগিতায় টিকতে বেসরকারি এয়ারলাইন্সগুলোও যাত্রীভাড়া বাড়াতে পারছে না বলে তাদেরও লোকসান গুণতে হবে।

বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন বিডিনিউজকে বলেন, জেট ফুয়েলের দাম বাড়লেও বিমান এখনই কোনও রুটেই যাত্রীভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বেসরকারি জিএমজি এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক সাহাব সাত্তার বিডিনিউজকে বলেন, আন্তর্জাতিক বাজারে জেট ফুয়েলের দাম বাড়ায় প্রতিবেশী দেশসহ সারা বিশ্বেই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে যাত্রীভাড়া বাড়িয়েছে। কিন্তু একমাত্র বিমান এ ক্ষেত্রে ব্যতিক্রম। বিমান যাত্রী ভাড়া না বাড়ানোয় জিএমজি এয়ারলাইন্সও ভাড়া বাড়াতে পারছে না।

তিনি বলেন, এখন আমাদের ব্যবসা মাত্র সম্প্রসারিত হতে শুরু করেছে। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক জিএমজির নতুন রুট ও ফ্লাইটের সংখ্যা বাড়ছে। কিন্তু বিমান কর্তৃপক্ষ সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ায় আমাদের ব্যবসা ধরে রাখাই মুশকিল হবে।

এভিয়েশন সূত্র জানায়, এর আগে সারা বিশ্বে জেট ফুয়েলের দাম এক দফা বাড়ায় বিমান কর্তৃপক্ষ কিছুদিন আগে শুধু অভ্যন্তরীণ রুটে ১০০ টাকা করে যাত্রী ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে অবশ্য ওই সিদ্ধান্ত তারা বাতিল করে।

তবে দেশের বাজারে ডলারের দাম বেড়ে যাওয়ায় গত ১ এপ্রিল থেকে বাংলাদেশ থেকে চলাচলকারী বিমানসহ সব এয়ারলাইন্স আন্তর্জাতিক রুটে ডলার প্রতি আড়াই টাকা হারে যাত্রীভাড়া বাড়িয়েছে। ডলারের সঙ্গে টাকার বিনিময় হারের সমন্বয় সাধন করার জন্যে এটি করা হয়।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ১০ এপ্রিল থেকে জেট ফুয়েলের দাম লিটারে পাঁচ টাকা করে বাড়িয়েছে। বিপিসির নির্ধারিত নতুন মূল্য অনুযায়ী দেশীয় এয়ারলাইন্সগুলোকে প্রতি লিটারে সাড়ে ৩৩ টাকার স্থলে জ্বালানী তেল কিনতে হচ্ছে ৩৮ টাকা করে। তবে একমাত্র চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এ দাম দেশী-বিদেশী এয়ারলাইন্সের জন্য প্রতি লিটারে ৫০ পয়সা বা এক সেন্ট কম পড়বে।

বিদেশী এয়ারলাইন্সগুলোকে ১০ এপ্রিল থেকে প্রতি লিটার জেট ফুয়েল ৪৮ সেন্ট দিয়ে কিনতে হচ্ছে, যা আগে ছিল ৪৩ সেন্ট। অবশ্য চট্টগ্রাম বিমানবন্দরের জন্য নির্ধারিত নতুন দাম হচ্ছে প্রতি লিটার ৪৭ সেন্ট, যা আগে ছিলো ৪২ সেন্ট।

বিপিসি সর্বশেষ গত বছরের ৮ ডিসেম্বর জেট ফুয়েলের দাম প্রতি লিটারে দুটাকা বাড়িয়ে ৩৩ টাকা ৫০ পয়সা করেছিল। গত বছর দাম বাড়ানো হয়েছিল পাঁচবার।

বিশ্ব বাজারে জেট ফুয়েলের দাম বাড়ায় যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্যসহ এশিয়ার বেশ কয়েকটি এয়ারলাইন্স এরই মধ্যে যাত্রী ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে। গত ৯ এপ্রিল রাষ্ট্রয়াত্ব ইন্ডিয়ান এয়ারলাইন্স ১২ শতাংশ যাত্রী ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয়।