কাশিমপুর কারাগারে জেলার এবং কারারক্ষীর নির্যাতনের শিকার এক আসামী
কাশিমপুর কারাগারের ডেপুটি জেলার এবং এক কারারক্ষীর বর্বর নির্যাতনের শিকার হয়েছেন সাজাপ্রাপ্ত আসামী শরিফুল ইসলাম। নির্যাতনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যে আসামী শরিফুল ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল আদালতে একটি আবেদন করেছেন।
কাশিমপুর কারাগারে শরিফুলের কয়েদি নম্বর ১৯৮৭। ব্যক্তি জীবনে তিনি একজন প্রতিষ্ঠিত ঠিকাদার ছিলেন। বৃহস্পতিবার তাকে ঢাকা মহানগর ২ নং বিশেষ ট্রাইব্যুনালে আদালতে বিচারাধীন মামলায় হাজির করা হলে বিচারকের অনুমতি নিয়ে নির্যাতনের কাহিনী তুলে ধরেন। এ সময় শরিফুল বলেন, আজকের এই ঘটনাটি যদি সংবাদপত্রে প্রকাশিত হয় তাহলে কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ তাকে প্রাণে মেরে ফেলবে।
তিনি জানান, ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষের ঘুষের চাহিদা মেটাতে না পারায় গত ২৫ ফেব্রুয়ারি প্রথমে তাকে কাশিমপুর ১ নং কারাগার এবং ২০ এপ্রিল ২ নং কারাগারে পাঠানো হয়। সেখানে পৌঁছার পর ডেপুটি জেলার রেজা এবং কারারক্ষী (নং১১৮৯৭) কলিম তার নাম জিজ্ঞেস করে। নাম জানার পর কোন কিছু না বলে দু’জন মিলে তাকে এলোপাতাড়ি কিল, ঘুষি এবং লাঠি দিয়ে অমানুষিক নির্যাতন চালায়।
এরপর জ্ঞান হারিয়ে ফেললে তাকে কারা হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন পর সুস্থ হলে তার কাছে কারাগারের জন্য তিনটি টেলিভিশন এবং প্রতি মাসে দু হাজার টাকা করে দেয়ার দাবি জানানো হয়। দাবি পূরণ না করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কারাগারে শরিফুলের ভাই মানিক দেখা করতে গেলে পাঁচ’শ টাকার বিনিময়ে দেখা করার সুযোগ দেয়া হয়। এরপর থেকে আর কেউ তার সাথে দেখা করতে না গেলে তাকে কারাগারের নির্মাণাধীন ভবনে নিয়ে বস্তাবন্দী করে রাতভর নির্যাতন চালানো হয়।
শরিফুল জানান, ইতোপূর্বে ঢাকা কেন্দ্রীয় কারাগারেও তার কাছে প্রতি সপ্তাহে মোটা অংকের অর্থ দাবি করা হয়। সেই দাবি পূরণ না করায় তাকে সার্বক্ষণিক ১৪ নং সেলে আটক রাখা হত। ২০০৩ সালে একটি অস্ত্র মামলায় শরিফুলকে ২৪ বছরের সাজা প্রদান করা হয়।
