২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকদের জন্য আসছে উচ্চ ফলনশীল সুপার রাইস

হেক্টর প্রতি ১২ থেকে ১৪ মেট্রিক ধান টন ফলনের লক্ষ্যে উচ্চ ফলনশীল ‘সুপার রাইস’ উদ্ভাবন করেছে ম্যানিলাভিত্তিক আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট (ইরি)। এদেশে চাষ করা সর্বোচ্চ ফলনশীল ধান হবে ‘সুপার রাইস। এটি অদূর ভবিষ্যত কৃষকদের হাতে আসবে বলে ইরি’র বাংলাদেশের লিয়াজোঁ বিজ্ঞানী ড. হামিদ মিয়া বিডিনিউজকে জানান।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2005, 04:41 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

সুপার রাইসকে বিজ্ঞানের পরিভাষায় বলা হচ্ছে ‘নিউ প্লান্ট টাইপ’ বা নতুন ধান উদ্ভিদ, সংক্ষেপে এনপিটি। ইরি’র বাংলাদেশের লিয়াজোঁ বিজ্ঞানী ড. হামিদ মিয়া বলেন , এ ধানের গাছগুলো হয় সোজা এবং পাতা থাকে খাড়া। ফলে এগুলো প্রায় সারা দিনই সূর্যালোকের সংস্পর্শে এসে তা থেকে খাদ্য গ্রহণ করতে পারে। অন্যদিকে, অন্যান্য প্রজাতির ধান গাছের কাণ্ডের গোড়া থেকে অনেক শাখা বা কুশি বের হয় এবং এ প্রজাতি মাটি থেকে সার ও অন্যান্য খাদ্য গ্রহণ করে। ফলে কুশির মধ্যে আনেকগুলোতেই ধানের শীষ জন্মায় না। কিন্তু সুপার রাইস বা এনপিটির গাছের প্রতিটি কুশিতেই শীষ জন্মাবে। এ কারণে সুপার রাইসের ফলন অন্য যে কোনও ধানের চেয়ে অনেক বেশি। ফলন হবে হেক্টর প্রতি ১২ থেকে ১৪ টন।

ড. হামিদ মিয়া আরও বলেন, সুপার রাইস অত্যন্ত উচ্চ প্রযুক্তির প্রজাতি, যদিও এটি পরীক্ষাধীন রয়েছে। তবে অচিরেই মাঠ পর্যায়ে এ ধানের চাষাবাদ হবে বলে ইরি বিজ্ঞানীরা আশা করছেন। বর্তমানে হাইব্রীড ধানের চাষ হচ্ছে মাঠ পর্যায়ে। বিজ্ঞানীরা এই হাইব্রীড ধানেরও মোডিফাইড প্রজাতি উদ্ভাবনের চেষ্টায় আছে। আর এ প্রচেষ্টর অন্যতম ফলাফল ‘সুপার রাইস’।