২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা, জামালপুর, আলমডাঙ্গা, নেত্রকোনা ও মাদারিপুরে পৃথক ঘটনায় ৩জনকে জবাইসহ ৫জন নিহত এবং আরও ২১ জন আহত

পাবনা, জামালপুর ও আলমডাঙ্গায় পৃথক ঘটনায় তিন জনকে জবাই ও নেত্রকোণায় এক জনকে বল্লমের আঘাতে হত্যা করা হয়েছে। মাদারীপুরে ধান কাটার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক জন নিহত হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

পুলিশ জানায়, পাবনা’র সদর উপজেলার দাসপাড়া গ্রামের বিএনপি কর্মী লিয়াকত আলী ওরফে লেকন সরদার (৩৮) মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চোকদারপাড়া গ্রাম থেকে বাড়ি ফেরার পথে ১০/১২ জনের একটি সশস্ত্র দল তার ওপর হামলা চালায়। এ সময়ে সন্ত্রাসীরা লেকনকে জবাই করে হত্যার পর মস্তক নিয়ে যায়।

পুলিশ নিহতের মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে। পাবনার পুলিশ সুপার এম খুরশিদ হোসেন জানান, ২০০৪ সালে ওই এলাকায় ৫২টি বাড়ি জ্বালিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষের চরমপন্থী সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটায়।

নিহত লিয়াকত চরতারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল ইসলাম নুরুর চাচাতো ভাই। এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অপর ঘটনায়, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার নয়ানগর ইউনিয়নের সাধুপাড়া গ্রামে হাফিজুর রহমান (২৭) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে।

মেলান্দহ থানা পুলিশ বুধবার বেলা ১২ টায় নিহতের বাড়ির পাশের ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী মিনারা বেগম পুলিশ ও সাংবাদিকদের জানায়, কয়েকদিন আগে হাফিজুর মিনারা বেগমকে সমস্ত সম্পত্তি দলিল করে লিখে দিয়েছিল। সম্পত্তি নিয়ে তাদের মধ্যে বেশ কিছুদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। পুলিশ ময়না তদন্তের জন্য নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় স্ত্রী মিনারা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে মঙ্গলবার রাতে ১২ টায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার মধুপুর গ্রামের সাইদুল ইসলামকে (৪৫) অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে।

সূত্র জানায়, দায়িত্ব পালনের সময় ঘোলাদাড়ি বাণিজ্যিক খামার (কেরু এণ্ড কোং এর কৃষি খামার) এর নৈশ প্রহরী সাইদুলকে সন্ত্রাসীরা ধরে নিয়ে যায় এবং জবাই করে হত্যা করে।

আলমডাঙ্গা থানার ডিউটি অফিসার এসআই আব্দুল কাদের বিডিনিউজকে জানান, কেরু এণ্ড কোং এর সম্পত্তি দখলের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে সাইদুলকে হত্যা করা হতে পারে।

এ ব্যাপারে নিহতের স্ত্রী ময়না বেগম বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারে নি।

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সোয়াইর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে সৃষ্ট সংঘর্ষে বুধবার সকালে কাসেম নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই খুন এবং আরও ৬ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, সোয়াইর গ্রামে সাবেক হুক্কু চেয়ারম্যানের সাথে প্রতিপক্ষের বিরোধ ছিল। বুধবার এ বিরোধের সূত্র ধরে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের এক পর্যায়ে বল্লমের আঘাতে কাসেম ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

মাদারীপুরে কালকিনি উপজেলার কালাই সরদারচর গ্রামে বুধবার সকালে ধান কাটাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে একজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছে। নিহতের নাম ধলু তালুকদার (৪৫)। আহতদের মাদারীপুর ও কালকিনি ও শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে কোনও মামলা হয় নি।