২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসীদের অর্থায়ন বন্ধে জাতিসংঘ কনভেনশনে স্বাক্ষর করতে যাচ্ছে বাংলাদেশ

সন্ত্রাসীদের অর্থায়ন প্রক্রিয়া বন্ধে বাংলাদেশ শিগগিরই জাতিসংঘ কনভেনশনে স্বাক্ষর করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2005, 06:24 PM

Updated : 26 Apr 2022, 05:42 PM

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, কনভেনশন উপলক্ষ্যে অর্থসচিবের নেতৃত্বে একটি উপকমিটি গঠনের কাজ চলছে। আন্তর্জাতিক সন্ত্রাস সংক্রান্ত বিষয়ে এটি হবে ১২তম কনভেনশন। কনভেনশনের সবকিছু চূড়ান্ত করা হয়েছে। খুব শিগগিরই তা স্বাক্ষরিত হতে যাচ্ছে। সম্ভবত জুনেই তা স্বাক্ষরিত হবে।

আন্তর্জাতিক সন্ত্রাস দমনের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ হিসেবে বাংলাদেশ ইতোমধ্যে আটটি কনভেনশনে স্বাক্ষর করেছে। ১১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে হামলার পর আন্তর্জাতিক সন্ত্রাস দমনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) গৃহীত বৃহত্তর পদক্ষেপের ব্যাপারেও বাংলাদেশ সম্মত্তি প্রদান করে।

সম্প্রতি বাংলাদেশ আরও তিনটি সন্ত্রাস দমন কনভেনশনে স্বাক্ষর করেছে। সব মিলিয়ে বাংলাদেশের স্বাক্ষরিত কনভেনশনের সংখ্যা ১১টি। জাতিসংঘের মোট ১২ টি সন্ত্রাস দমন বিষয়ক কনভেনশনের মধ্যে সব মিলিয়ে বাংলাদেশ মোট ১১টিতে স্বাক্ষর করে।

১৯৯৯ সালের ৯ ডিসেম্বর সন্ত্রাসীদের অর্থায়ন বন্ধে জাতিসংঘ সাধারণ পরিষদ সিদ্ধান্ত নেয়। সন্ত্রাসী উপকরণ সুবিধা বন্ধে সাধারণ পরিষদের ওই সিদ্ধান্তটি বিন্যস্ত করা হয়।

সাধারণ পরিষদের ষষ্ট বৈঠকের (আইন) সুপারিশ অনুসারে, কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলো এ ধরণের অর্থায়নকে তাদের দেশীয় আইনে একটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করবে এবং সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য বরাদ্দকৃত অর্থ বাজেয়াপ্ত করবে।

বর্তমান কনভেনশন বোমা হামলা, জিম্মি করা ও অপহরণ ইস্যুকে নিয়ে বিদ্যমান ১১ টি কনভেনশনের সহায়তা করবে।

এদিকে, জাতিসংঘ সাধারণ পরিষদের আন্তর্জাতিক সন্ত্রাস বিষয়ক অস্থায়ী কমিটি পরমাণবিক সন্ত্রাস দমনে সম্প্রতি আরেকটি খসড়া প্রণয়ণ করেছে। তারা এটি স্বাক্ষরের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২০০৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘ কার্যালয়ে উন্মুক্ত রাখার জন্য মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছে।

পলাতক আসামী ও অপরাধ তদন্তের ক্ষেত্রে কনভেনশনে স্বাক্ষরকারী দেশগুলো পরস্পরের মধ্যে তথ্য সরবরাহ ও সহায়তার মাধ্যমে সন্ত্রাস দমনের বৃহত্তর লক্ষ্যে পরস্পরকে সহযোগিতা করবে।

পারমাণবিক সন্ত্রাস সংক্রান্ত কনভেনশন বৃহত্তর কোনও ধ্বংসযজ্ঞ চালানোর জন্য অস্ত্র সরবরাহ বন্ধে অন্যতম শক্তিশালী আইন হিসেবে কাজ করবে।