পাবনায় বিএনপি কর্মীকে জবাই করে হত্যা
পাবনায় লিয়াকত আলী ওরফে লেকন সরদার (৩৮) নামে এক বিএনপি কর্মীকে সশস্ত্র সন্ত্রাসীরা মঙ্গলবার রাতে জবাই করে হত্যার পর মস্তক নিয়ে গেছে।
পুলিশ জানায়, সদর উপজেলার দাসপাড়া গ্রামের বিএনপি কর্মী লিয়াকত রাত সাড়ে ১১ টার দিকে চোকদারপাড়া গ্রাম থেকে বাড়ি ফেরার পথে ১০/১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়।
পুলিশ মস্তক বিহীন লাশ উদ্ধার করেছে। পাবনার পুলিশ সুপার এম খুরশিদ হোসেন জানান, ২০০৪ সালে ওই এলাকায় ৫২টি বাড়ি জ্বালিয়ে দেওয়ার প্রতিশোধ হিসেবে প্রতিপক্ষের চরমপন্থী সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটায়।
নিহত লিয়াকত চরতারাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা নুরুল ইসলাম নুরুর চাচাতো ভাই।
এ ব্যাপারে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
