২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিরুনী অভিযানে নদীতে নৌযান কমেছে

চলাচল অযোগ্য নৌযানের বিরুদ্ধে নৌপরিবহন অধিদপ্তরের চিরুনী অভিযানের প্রেক্ষিতে মঙ্গলবার নৌযান চলাচল ছিলো অন্যান্য দিনের চেয়ে অনেক কম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2005, 10:04 PM

Updated : 26 Apr 2022, 05:41 PM

এদিকে, আপত্তি সত্ত্বেও ভ্রাম্যমান আদালত কর্তৃক পথে পথে নৌযান থামিয়ে চেক করার ঘটনায় মানুষের ভোগান্তি কেবল বাড়ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।

নৌ পরিবহন অধিদপ্তর সূত্রে জানা যায়, জরিমানা ও শাস্তিমূলক ব্যবস্থা এড়াতে অধিকাংশ আনফিট ও অবৈধ নৌযান লুকিয়ে রাখা হয়েছে।

অন্যদিকে, অভিযান শুরুর পর গত দু’দিনে ৫০টি নৌযানের কাছ থেকে প্রায় ১৩ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে সূত্র জানায়।

অভ্যন্তরীণ নৌ পরিবহন অধিদপ্তর এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা সূত্রে জানা যায়, মাত্র ২৫ শতাংশ নৌযানের ফিটনেস সার্টিফিকেট, লাইসেন্স ও রেজিস্ট্রেশন আছে।

বিডিনিউজের সাথে আলাপকালে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক ক্যাপ্টেন একেএম শফিউল্লাহ বলেন, গ্রেপ্তার ও জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা এড়াতে অধিকাংশ ত্রুটিপূর্ণ নৌযান এখন পালিয়ে বেড়াচ্ছে। এমনকি এগুলো এখন লঞ্চ টার্মিনালেও নোঙর না করে দূরে দূরে নোঙর করা হয়েছে।

মহাপিরচালক বলেন, আমরা আরাফাত পরিবহন নামে একটা লঞ্চকে অতিরিক্ত যাত্রীবহনের দায়ে মাঝ নদী থেকে পুনরায় নারায়ণগঞ্জ টার্মিনালে ফেরত আনি। পরে লঞ্চটির ধারণ ক্ষমতা অনুযায়ী যাত্রী নিয়েই সেটিকে যেতে দেওয়া হয়।